আনিষা চৌধুরী, কলকাতা: সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে বিদেশ থেকে দেশে ফিরেছেন বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। তবে দেশে ফিরতেই যেন একের পর এক মামলার জালে জড়িয়ে পড়ছেন তিনি। কয়েক হাজার কোটি টাকার ডুপ্লিকেট কার্বন রিসিট (Duplicate Carbon Receipt) দুর্নীতি থেকে শুরু করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের নজরে রয়েছেন তিনি (Tulu Mondal)। গত ১৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফেরার পরেই তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এবার একই দিনে সিউড়ি, মহম্মদবাজার এবং ভবানী ভবনে হাজিরার নির্দেশ ঘিরে নতুন করে চাপে পড়েছেন টুলু।
একই দিনে তিন থানায় তলব!
গত বছরের ১৬ নভেম্বর নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করেছিল এসটিএফ। ওই ঘটনায় টুলু মণ্ডলের দুই ম্যানেজার আক্রাম খান ও ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। সেই টাকার উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্তকারীরা টুলুকে জিজ্ঞাসাবাদ করতে চান। এই মামলাতেই সিআইডির তরফে তাঁকে ভবানী ভবনে তলব করা হয়। গত ২০ নভেম্বর সেখানে হাজিরাও দেন তিনি। শুধু নগদ টাকা নয়, ওই গাড়ি থেকে উদ্ধার হওয়া ডুপ্লিকেট কার্বন রিসিট নিয়েও তদন্তকারীরা খোঁজখবর করছেন বলে জানা গিয়েছে।
তবে টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তের মূল অভিযোগ কয়েক হাজার কোটি টাকার ডিসিআর দুর্নীতি। পাথর খাদান থেকে পাথর পরিবহণের ক্ষেত্রে ডুপ্লিকেট কার্বন রিসিট ব্যবহার করে রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি ভুয়ো রসিদ তৈরি এবং রাজস্ব তছরুপের অভিযোগেও মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা পড়েছে, যেখানে টুলুকে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি বিদেশে ছিলেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সাময়িক রক্ষাকবচ পান তিনি। ৪ নভেম্বর শীর্ষ আদালত তাঁকে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয় এবং ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। সেই নির্দেশ মেনে দেশে ফিরলেও তদন্তের চাপ থেকে আপাতত রেহাই মিলছে না তাঁর।
এদিকে বুধবার ফের তাঁকে একাধিক জায়গায় হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। সিউড়ি থানায় নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই পৌঁছে যান টুলু। সেখানে জিজ্ঞাসাবাদ শেষ করে তাঁর মহম্মদবাজার থানায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবানী ভবনেও হাজিরার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। তবে একই দিনে তিন জায়গায় হাজিরা দেওয়া কার্যত অসম্ভব বলে দাবি আইনজীবীর। তাঁর বক্তব্য, টুলু মণ্ডল তদন্তে পুলিশকে সবরকম সহযোগিতা করছেন। কিন্তু পরপর দুই থানায় হাজিরা দেওয়ার পর ভবানী ভবনে পৌঁছনো সম্ভব হবে না। তাই সিআইডির কাছে পরবর্তী হাজিরার সময় চাওয়া হয়েছে।
আরও পড়ুন: গোহত্যা নিষিদ্ধ হলে খাসির মাংসের দাম বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা, আশঙ্কা হুমায়ুন কবীরের
একসময় দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তদন্তকারীদের নাগালের বাইরে ছিলেন বলে অভিযোগ উঠেছিল টুলু মণ্ডলের বিরুদ্ধে। কিন্তু দেশে ফেরার পর একের পর এক তলব এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে ক্রমশ চাপ বাড়ছে তাঁর উপর। ডিসিআর দুর্নীতি মামলার পাশাপাশি নগদ টাকা উদ্ধারের ঘটনাতেও তদন্তের পরিধি বাড়ছে। তৃণমূল আমলে একাধিক বড় সরকারি প্রকল্পের কাজের বরাত পাওয়ার সুবাদে রাজনৈতিক মহলেও পরিচিতি ছিল এই পাথর ব্যবসায়ীর। এখন তাঁর বিরুদ্ধে চলা তদন্তে আর কী কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে।


