যুক্তরাজ্যে যাওয়ার পথে বাধা, এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সিজেপি নেতা সৌরভ দাস

Published:

Sourav Das

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন আইনি বিপাকে পড়ছেন সিজেপির নেতা সৌরভ দাস (Sourav Das), আশুতোষ রঙ্কারা। তবে এবার যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানবন্দরে বাধা দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ককরোচ জনতা পার্টির সহ আহ্বায়ক সৌরভ। বুধবার তিনি সরকারি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন জানাবেন বলেই খবর। এমনকি দ্রুত যাতে বিদেশ সফরের বন্দোবস্ত করা হয়, সেই দাবিই রাখবেন তিনি।

আদালতের দ্বারস্থ সৌরভ দাস

সৌরভ দাসের আইনজীবী এদিন বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন জানিয়েছেন দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চে। তবে ওই বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে। জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয় বলেই জানানো হয়। অ্যাডভোকেট কৃষ্ণরাজ বাপটের মাধ্যমে দায়ের করা মামলাটি বৃহস্পতিবার আদালতে সওয়াল করবেন সিনিয়র অ্যাডভোকেট অখিল সিবাল।

সৌরভের অভিযোগ, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ককরোচ আন্দোলন নিয়ে বক্তব্য রাখার জন্য তিনি সেখানে আমন্ত্রিত ছিলেন। এর পাশাপাশি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাঁকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তাঁকে লন্ডনগামী বিমানে উঠতে বাধা প্রদান করেন।

আরও পড়ুন: সিকিম ভ্রমণে বড় ধাক্কা! নতুন বছর থেকে পর্যটকদের জন্য বর্ধিত ঘোষণা সরকারের

ককরোচ নেতার আরও দাবি, তাঁর নির্ধারিত ফ্লাইটের প্রায় ৫ ঘণ্টা আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে একটি শোকজ নোটিশ পাঠানো হয়। আর সেখানে তাঁর জন্মস্থানের তথ্যে অসংগতি রয়েছে বলেই ব্যাখ্যা চাওয়া হয়। এর পরপরই বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে আটকে দেন এবং সেই নোটিশটি দেখতে বলেন। তবে জানা গিয়েছে, এই নোটিশে কেন তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে না তা জানতে চেয়ে ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ ককরোচ নেতা।

google button