আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। অবশেষে ক্লার্কশিপ পরীক্ষার (Clerkship Examination) দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission )। কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্লার্কশিপ এক্সামিনেশন (পার্ট-১), ২০২৪-এর পরীক্ষা আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজ্যের মোট ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষার পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষাটি মোট তিনটি সেশনে সম্পন্ন হবে। প্রথম সেশনের পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় সেশনের পরীক্ষা ওই দিনই দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৪টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, তৃতীয় সেশনের পরীক্ষা হবে ২৭ ডিসেম্বর, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখও ঘোষণা করেছে কমিশন। আগামী ১৪ ডিসেম্বর, ২০২৬ থেকে WBPSC-র সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য কমিশনের ওয়েবসাইট psc.wb.gov.in-এ যেতে হবে।
এদিকে, অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের বিশেষ সতর্ক করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে বা অন্য কোনও কারণে প্রয়োজন হলে কমিশনের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার কোনও ব্যবস্থা থাকবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিজেদের কাছে সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর, ক্ষতিপূরণ চাইল কমিটি
উল্লেখ্য, ক্লার্কশিপ এক্সামিনেশন (পার্ট-১), ২০২৪-এর বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই পরীক্ষার দিনক্ষণ জানার অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে পরীক্ষার সূচি প্রকাশ হওয়ায় প্রস্তুতির জন্য নির্দিষ্ট সময় হাতে পেলেন তাঁরা। এখন পরীক্ষার্থীদের নজর অ্যাডমিট কার্ড প্রকাশের দিকে। ১৪ ডিসেম্বর থেকে সঠিক সময়ে সেটি প্রকাশ পাবে। সময় নষ্ট না করে আরও দৃঢ়ভাবে পরীক্ষার প্রস্তুতি নিন এবং সঠিক সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।


