বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ সীমান্তের (Bangladesh Border) কাছে নিখোঁজ হয়ে গিয়েছিলেন BSF জওয়ান কে. বেনু। এবার অসমের (Assam) ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন শ্রীভূমি জেলার কুশিয়ারা নদী থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। এবার দীর্ঘ তল্লাশি অভিযান চালিয়ে নদীর স্রোতে ভেসে আসা অবস্থায় স্টিমার ঘাটের কাছে বেনুর দেহ উদ্ধার করল উদ্ধারকারী দল।
বাংলাদেশে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন
ভারতীয় জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের এক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। তিনি জানান, নদীর স্রোতে ভেসে থাকা অবস্থায় ওই BSF কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই জওয়ানকে জীবিত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়িয়েছিল।
যা খবর, হেড কনস্টেবল জিতেন্দ্র যাদবের সাথে কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকিতে মোতায়েন ছিলেন বেনু। গত রবিবার রাতে অসমের কাছাড় জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েকজন সন্দেহভাজন গরু পাচারকারীকে দেখতে পেয়ে তাঁদের পেছনে ধাওয়া করেন ওই BSF জওয়ান। প্রাণ বাঁচাতে সন্দেহভাজন ব্যক্তিরা নদীর জলে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের পেছন পেছন বেনুও নদীতে নামেন। তবে পরবর্তীতে নদীর প্রবল স্রোতের কারণে পারে ফিরে আসতে পারেননি তিনি। ফলে ভেসে থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর, ক্ষতিপূরণ চাইল কমিটি
উল্লেখ্য, গত সোমবার ভোরে, বর্ডার সিকিউরিটি ফোর্স এর কোম্পানি কমান্ডার গোটা বিষয়টি পুলিশকে জানালে ওই কনস্টেবলের খোঁজ করতে শুরু করেন তদন্তকারীরা। শুরু হয় যৌথ তল্লাশি অভিযান। তল্লাশি অভিযানে নামানো হয়েছিল রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদেরও। সেই মতোই, নদীর বিভিন্ন অংশে তল্লাশি অভিযান শুরু করলে সোমবার স্টিমার ঘাটের কাছে BSF জওয়ানের নিথর দেহ উদ্ধার হয়।


