আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের সরকারি কর্মীদের (Government Employee) জন্য সুখবর! অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) চালু করা নিয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন এবং পেনশন বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে অষ্টম বেতন কমিশন ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা।
কী ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী?
গত ২২ নভেম্বর আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রবীণ নাগরিক ও পেনশনভোগীদের একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন মানিক সাহা। তিনি জানান, কেন্দ্রীয় স্তরে অষ্টম বেতন কমিশন চালুর প্রক্রিয়ার দিকে নজর রাখছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত পদক্ষেপ কার্যকর হলে ত্রিপুরাতেও একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে নিয়মিত এই বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২০২২ সালের জুলাই মাসে সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-র হার ছিল ৮ শতাংশ। পরবর্তী সময়ে একাধিকবার তা বাড়ানো হয়েছে। বর্তমানে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশে। অর্থাৎ প্রায় চার বছর তিন মাসে মোট ৩৬ শতাংশ পয়েন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-র ব্যবধান কমাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি।
উল্লেখ্য, গত অক্টোবর মাস থেকেই ত্রিপুরার সরকারি কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর আরও ৩ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে হার বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। পাশাপাশি সরকারি কর্মীদের বাড়িভাড়া ভাতার হারও ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। সর্বোচ্চ বাড়িভাড়া ভাতার সীমা মাসে ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে কর্মীদের আর্থিক সুবিধা বাড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার।
আরও পড়ুন: টিকিটে ৫৪ নম্বর সিট, অথচ কোচে বার্থ মাত্র ৫২টি! ভারতীয় রেলে আজব ঘটনা
তবে অষ্টম বেতন কমিশন নিয়ে এখনও কোনও নির্দিষ্ট বিজ্ঞপ্তি বা কার্যকর করার দিনক্ষণ ঘোষণা করেনি ত্রিপুরা সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের উপর গোটা বিষয়টি নির্ভর করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বেতন, পেনশন এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। ফলে অষ্টম বেতন কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপাতত সরকারি ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হবে কর্মীদের।


