দু’দিন কলকাতা সফর প্রধানমন্ত্রীর, জানুয়ারিতেই উদ্বোধন নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো?

Published:

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: খুব শীঘ্রই সুখবর পাবে শহরবাসী। নতুন বছরের শুরুতে দু’দিন কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসেই উদ্বোধন হতে চলেছে সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত সম্পূর্ণ মেট্রো রুট (Kolkata Metro)। এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর, সময়সূচিতে বদল না হলে জানুয়ারি মাসের ৭ এবং ২৭ তারিখ কলকাতায় আসবেন রাষ্ট্রপ্রধান। আর এই দু’দিনের মধ্যে যে কোনও একদিন এই মেট্রো উদ্বোধন করতে পারেন তিনি।

জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরেই চিংড়িঘাটা জটের কারণে আটকে রয়েছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া মেট্রো। তবে রাজ্যে সরকার পরিবর্তন হতেই কয়েকদিনের মধ্যেই সম্পন্ন হয়েছে সেই কাজ। নভেম্বরেই এই মেট্রো উদ্বোধন হওয়ার জল্পনা চলছিল। এদিকে আগামী ৭ জানুয়ারি থেকে কলকাতায় বসবে প্রবাসী বাঙালিদের সম্মেলন। সেখানেই উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি ২৭ জানুয়ারি গ্লোবাল এনার্জি সামিট অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে মোট ৮০টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে যে কোনও একদিন এই বহু প্রতীক্ষিত মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।

যদিও গত সপ্তাহে দিল্লি গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাক্ষাৎকারের পর তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার চায় প্রধানমন্ত্রীর হাত ধরেই এই মেট্রো রুট চালু হোক। ২০১৪ সাল থেকে কলকাতা মেট্রো সম্প্রসারণের জন্য মোদীজি ধাপে ধাপে মোট ১০ হাজার কোটি টাকার বেশি দিয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী। তবে জানুয়ারিতেই এই রুট উদ্বোধন হওয়ার কোনও নিশ্চয়তা আপাতত নেই।

আরও পড়ুন: ধর্ষণের পর এবার গণধর্ষণের অভিযোগ, আরও বিপাকে মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস

আসলে চিংড়িঘাটা জটের জন্যই এই রুটের কাজ থমকে ছিল। তৃণমূল সরকারের আমলে মামলা-মোকদ্দমা করেও কাটেনি সেই জট। তবে মে মাসে সরকার পরিবর্তন হতেই মাত্র ১২০ ঘণ্টার ব্যবধানেই চিংড়িঘাটার কাজ শেষ করে ফেলে মেট্রো কর্তৃপক্ষ। এরপর গত ৭ মাসে বাকি কাজ সেরে ফেলার পর ট্রায়াল রান হয়ে গেছে এই রুটে। এমনকি নভেম্বরেই প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরে এই রুট উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে ২১ তারিখ প্রধানমন্ত্রী শুধুমাত্র খড়গপুর আইআইটিতেই তাঁর কর্মসূচি পালন করেছিলেন। তাই অনুমান করা হচ্ছে, জানুয়ারি মাসে হয়তো মিলতে পারে সুখবর।

google button