RBI-র ৩ চালেই কাটল ১০০ পেরোনোর আশঙ্কা, ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির

Published:

Indian Rupee

সৌভিক মুখার্জী, কলকাতা: শেয়ারবাজারের তেজিভাবের পর এবার বৈদেশিক মুদ্রার বাজারেও শক্তিশালীভাবে ফিরে এল ভারতীয় রুপি (Indian Rupee)। বুধবার সকালে লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম ২৩ পয়সা বেড়ে ৯২.৬২ টাকায় পৌঁছেছে এবং দিনের এক পর্যায়ে তা ৯২.৫০-র স্তর স্পর্শ করে, যা গত ৭ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থান। এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাংকের তিনটি শক্তিশালী পদক্ষেপের জেরে ভারতীয় টাকার ১০০-র গণ্ডি পেরিয়ে যাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা আপাতত কেটেছে বলেই মত বিশেষজ্ঞদের।

রুপির বাজারের বর্তমান চিত্র

বুধবার সকালে সেনসেক্স প্রায় ২০০০ পয়েন্ট লাফিয়ে ৮৪,২০০-র ঘরে পৌঁছে যাওয়ায় মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন রুপি ৯২.৬৫-তে খোলার পর আরও শক্তিশালী হয়ে দাঁড়ায়। এমনকি উল্লেখযোগ্য বিষয়, আন্তর্জাতিক বাজারে ডলার ইনডেক্স ০.৫ শতাংশ বেড়ে ১০৩.৯০-তে পৌঁছনো সত্ত্বেও রুপি নিজের জায়গা শক্ত রেখেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ১.৩০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯০.২১ ডলারে নেমে আসাও রুপিকে আরও বাড়তি শক্তি জুগিয়েছে।

এদিকে চলতি বছরের মে মাস থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রুপি ডলারের বিপরীতে প্রায় ৯৬.৫-র আশেপাশে ঘোরাফেরা করছিল। আর সেই সময় বাজারে প্রবল আশঙ্কাও তৈরি হয়েছিল যে রুপি হয়তো এক সময় ১০০-র স্তর ছুঁয়ে ফেলবে। এমনকি নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়াও ১০০-র ঘরে যাওয়ার চাপ না নিয়ে রুপিকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে এবং এক মাসের কিছু বেশি সময়ের মধ্যেই রুপি প্রায় ৪ টাকা শক্তিশালী হয়ে ৯২.৫০-র স্তরে উঠে আসে।

আরও পড়ুন: নতুনরা কবে পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা? ডিসেম্বরে টাকা ঢোকার দিনক্ষণ জানুন

তবে বিশেষজ্ঞদের মতে, অক্টোবরে রিজার্ভ ব্যাংকের নেওয়া তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রুপির বাজারকে ঘুরিয়েছে।

  • ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথমবার গত ৭ অক্টোবর ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করে। আর সুদের হার বাড়ায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারতীয় রুপিতে বিনিয়োগ যে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।
  • অন্যদিকে মুদ্রা ডেলিভেটিভস বাজারে অহেতুক স্পেকুলেশন রুখতে ১০ অক্টোবর থেকে নতুন কঠোর নিয়ম চালু করে কেন্দ্রীয় ব্যাংক।
  • দেশের তিনটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা আইওসিএল, বিপিসিএল ও এইচপিসিএল ডলারের সবচেয়ে বড় ক্রেতা। ১২ অক্টোবর থেকে তাদের দৈনিক চাহিদা মেটানোর জন্য আরবিআই পৃথক একটি উইন্ডো খুলে দেয়। যার ফলে স্পট মার্কেট থেকে এই সংস্থাগুলি সরে আসায় বাজারে ডলারের ওপর সরাসরি চাহিদার চাপ অনেকটাই কমেছে।
আরও
google button