প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ বিদায় নিতেই শীতের আমেজ কলকাতা-সহ গোটা রাজ্যে। গত দু’দিন ধরে বৃষ্টিরও দেখা নেই। এদিকে বৃষ্টি থামতেই ঝলমলে রোদ উঠতে শুরু করেছে। শীতের আমেজে ডুব দিচ্ছেন রাজ্যবাসী। আগামীকাল (Weather Tomorrow), দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া থাকার পাশাপাশি বইবে উত্তুরে হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। অর্থাৎ নভেম্বর শেষে রাজ্য জুড়ে আরও ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
আজকের আবহাওয়া
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে কলকাতা-সহ গোটা রাজ্যে রোদ উঠতেই নেমেছে পারদ। গতকাল, মঙ্গলবার সকাল থেকে রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ দেখা গিয়েছে। আজও সকাল থেকেই উত্তুরে হাওয়া বইছে। ঝলমলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া জানান দিচ্ছে জাঁকিয়ে শীত খুব শীঘ্রই পড়তে চলেছে। সকালে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পারদপতন হয়েছে কলকাতায়। আগাম কয়েক দিন রাতের তাপমাত্রা আরও খানিকটা নামবে বলে আশা করা যাচ্ছে। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই রাজ্যে। তবে উত্তরবঙ্গের জেলাগুলি কুয়াশাচ্ছন্ন থাকবে। এক নজরে চেনেনা যাক দক্ষিণবঙ্গে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে তারপর একটু বেলা হতেই ঝলমলে রোদ দেখা যাবে। রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবারের মধ্যে তাপমাত্রার পারদ দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন: স্টেশনে জোর করে চাঁদা তোলার অভিযোগ, কালনায় বামেদের বিরুদ্ধে রুখে দাঁড়াল স্থানীয়রা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বৃষ্টি দুর্যোগ কাটতেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটাই কমেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপটও বেড়েছে। যার ফলে ভোরের দিকে কিছুই দেখা যায় না। কুয়াশার চাদর এতটাই ছড়িয়েছে যে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসছে। আগামীকালও এমন পরিস্থিতি দেখা যাবে। কুয়াশার এই দাপট থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। হাওয়া অফিস জানিয়েছে আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্কই থাকবে।


