যে রাস্তা দিয়ে ঢুকেছে, সেখান দিয়েই তাড়াতে হবে! মুসলিম অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Published:

suvendu adhikari (1)

আনিষা চৌধুরী, কলকাতা: বুধবার কোচবিহারের (Cooch Behar) ২১৪ বছরের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন করতে উত্তরবঙ্গ (North Bengal) সফরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই সফরে রাজবাড়ি থেকে মদনমোহন মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দেন তিনি। পরে এমজেএন স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর আগে রাজবংশী ও কামতাপুরী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানেও রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিজেপি বিধায়কেরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেই দায়িত্বও তাঁদের দেন তিনি। তবে এই সমস্ত কর্মসূচির মাঝেই বাংলাদেশ থেকে আসা মুসলিম (Muslim) অনুপ্রবেশকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

কী বললেন মুখ্যমন্ত্রী?

বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে উদ্দেশ্য করে মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,”পুলিশ সুপার শুনে রাখুন। এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বের করতে হবে। তাড়াতে হবে। আর যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছে, হিন্দুরা, তারা অনুপ্রবেশকারী নয়। তারা শরণার্থী। তাদের আশ্রয় দিতে হবে। বর্ডারে বিএসএফের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জমি দিয়ে দিয়েছি। যতটা ঘেরা বাকি ছিল, ফেন্সিং কমপ্লিট হবে এবং বর্ডার এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজার চাষ, ফেক কারেন্সি, ফেনসিডিল, মাদক, সব পাচার বন্ধ করতে হবে।”

শুধু সীমান্ত নিরাপত্তা কিংবা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোই নয়, মহিলাদের নিরাপত্তা নিয়েও পুলিশকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলাদের দিকে কেউ আঙুল তুললে তা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, “যদি আমার একটি দিদি-বোন-কন্যার উপর কেউ আঙুল তোলে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।” উল্লেখ্য, এর আগে কোচবিহারের সাহেবগঞ্জে এক নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নারী নিরাপত্তার বিষয়টি সামনে এসেছিল। সেই প্রেক্ষাপটে মহিলাদের উপর অত্যাচার বা হেনস্থার ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলাগুলিতে আরও কঠোর নজরদারি এবং প্রশাসনিক পদক্ষেপ করতে চাইছে রাজ্য সরকার। মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কথা যেমন বলেছেন, তেমনই বাংলাদেশ থেকে আসা হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদ্রাসা, মাদক চাষ ও পাচার বন্ধ করার নির্দেশও দিয়েছেন তিনি। এর আগে বিভিন্ন সভাতেও অনুপ্রবেশ, সীমান্ত নিরাপত্তা এবং জনবিন্যাসের পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু।

আরও পড়ুন: RBI-র ৩ চালেই কাটল ১০০ পেরোনোর আশঙ্কা, ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির

এদিনের সফরে শুধু সীমান্ত নিরাপত্তা নয়, কোচবিহারের উন্নয়ন নিয়েও একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজবংশী ও কামতাপুরী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে হেরিটেজ কমিশন গঠন, স্কুলগুলিতে অর্থ বরাদ্দ, পরিযায়ীদের ফেরানো এবং শিল্পীদের ভাতা দেওয়ার মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয়দের জমি বেদখল হওয়ার অভিযোগ তুলে পূর্বতন সিপিএম সরকারের ভূমিকার সমালোচনাও করেন শুভেন্দু। রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।

google button