প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকেন, যাঁদের একবেলা পেট ভরে খাওয়াও রীতিমতো সংগ্রামের। একমাত্র তাঁরাই বোঝে পেটের জ্বালা কতটা কষ্টের। আর তাই এবার তাঁদের মুখে সামান্য হাসি ফোটাতেই পাঁশকুড়ায় (Panskura) এগিয়ে এসেছে এক মানবিক উদ্যোগ, যাঁর নাম ‘অন্নপূর্ণার সংসার’। শত ব্যস্ততার মাঝেও তাঁরা প্রতিনিয়ত আশ্রয়হীন, অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়ে চলেছে।
ক্ষুধার্ত মানুষদের জন্য ভাত ও ডালের ব্যবস্থা
সূত্রের খবর, ‘আমরা ছাত্র দল’-এর উদ্যোগ ও পরিচালনায় ‘অন্নপূর্ণার সংসার’ এর সদস্যরা পাঁশকুড়া জেলার আশ্রয়হীন ও অভুক্ত মানুষদের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার মহৎ লক্ষ্য নিয়ে নিয়মিত কাজ করে চলেছে। প্রতিদিন দুপুরে অসহায় ও ক্ষুধার্ত মানুষদের জন্য ভাত ও ডালের ব্যবস্থা করা হচ্ছে, যাতে সামান্য হলেও তাঁদের স্বস্তি দেওয়া যায়। চলতি বছর গত ৯ মার্চ থেকে এই প্রকল্পের কাজ চলছে। আগামী ২ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত এই প্রকল্প চলবে। সবমিলিয়ে ৩০০ দিনের টার্গেট নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে।
কীভাবে টাকা জোগাড় করা হয়?
‘আমরা ছাত্র দল’ বরাবরই নানা সামাজিক কাজকর্ম করে থাকে। ফান্ডিং হিসেবে সংগঠনের ছাত্র ছাত্রীরা তাঁদের টিফিন খরচ বাঁচিয়ে টাকা জমায় পাশাপাশি বিভিন্ন মানুষ তাঁদের কাজকর্মের প্রতি শ্রদ্ধা জানাতেও অর্থ সাহায্য করে থাকে। যার ফলে তাঁদের এই মানবিক প্রয়াসটি এখন সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে এক বড় ভরসার জায়গা হয়ে উঠেছে। তবে শুধু খাবার বিতরণ নয়, এই উদ্যোগের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের দায়বদ্ধতা ও মানবিকতার ছবিও ফুটে উঠছে।
আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে হিউম পাইপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু সাফাই কর্মীর, ক্ষতিপূরণ চাইল কমিটি
বেশ কয়েকজন আয়োজকদের মতে, “সামান্য এই প্রয়াস হয়তো সব অভাব মেটাতে পারবে না, তবে আমরা চেষ্টা করে যাবো ক্ষুধার্ত মানুষের মুখে একমুঠো খাবার তুলে দিতে।” বর্তমানে ব্যস্ততার জীবনে অনেকেই নিজেদের কথা ভাবতেই হিমশিম খান, সেখানে প্রতিদিন নিয়ম করে অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।


