ফের বিরাট আন্দোলন কর্মসূচির ডাক সিজেপির, এবার কী দাবি তাদের?

Published:

abhijeet dipke

আনিষা চৌধুরী, কলকাতা: ২৬ নভেম্বর সংবিধান দিবস। সেই উপলক্ষে মহারাষ্ট্রের নাগপুরে জনসভার আয়োজন করতে চলেছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janata Party)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। ‘Save Democracy, Save Constitution’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভায় গণতন্ত্র ও সংবিধানের মূল্যবোধ রক্ষার ডাক দেওয়া হবে। নাগপুরের সংবিধান চৌকে বিকেল ৪টে থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা। সাধারণ মানুষকে এই সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দীপকে।

জনসাধারণকে সভায় আহ্বান দীপকের

এই কর্মসূচির অন্যতম প্রধান বিষয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া। দীপকের অভিযোগ, মহারাষ্ট্রের নির্বাচনে একাধিক অনিয়মের ঘটনা সামনে এসেছে। তাঁর দাবি, একনাথ শিন্ডের নির্বাচনের সময় একটি বিধানসভা কেন্দ্রে শেষ এক ঘণ্টায় প্রায় ৮৯ হাজার ভোট আপডেট করা হয়েছিল। এই পরিসংখ্যানের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে আরও স্পষ্ট তথ্য এবং জবাবদিহি দাবি করেছেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়েও সরব হয়েছে CJP।

এদিকে আগামী উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন নিয়েও দলের অবস্থান স্পষ্ট করেছেন অভিজিৎ দীপকে। তাঁর বক্তব্য, CJP সরাসরি কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, পাশাপাশি অন্য কোনও রাজনৈতিক দলকেও সমর্থন করবে না। বরং নির্বাচনী প্রচারে যুবসমাজের সমস্যা এবং সাধারণ মানুষের দৈনন্দিন বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করবে এই দল। শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব, প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং পরিবহণের মতো বিষয়গুলি নির্বাচনী আলোচনার কেন্দ্রে থাকা উচিত বলে মনে করেন দীপকে। তাঁর মতে, মন্দির-মসজিদের রাজনীতির পরিবর্তে এই বিষয়গুলিতেই নজর দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, CJP-র কর্মী তথা আইনি সাংবাদিক সৌরভ দাসকে দিল্লি বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তুলেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন দীপকে। সৌরভের দাবি, অক্সফোর্ডে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁকে আটকে দেওয়া হয়েছিল। এই ঘটনার প্রসঙ্গ টেনে দীপকে গোটা বিষয়টিকে বিজয় মাল্য, নীরব মোদী ও মেহুল চোকসির বিদেশযাত্রার সঙ্গে তুলনা করেন। তাঁর প্রশ্ন, আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে চলে গেলেও একজন তরুণ সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যেতে বাধা দেওয়া হল কেন? যদিও এই বিষয়ে সরকারের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: মহিলাদের বছরে ৪০ হাজার, বিনামূল্যে বিদ্যুৎ! রাজ্যবাসীকে বড় প্রতিশ্রুতি বিরোধীদের

এছাড়াও নিজের অতীতের অভিজ্ঞতা, শিক্ষা ক্ষেত্রে অনিয়ম এবং বেকারত্বের মতো একাধিক বিষয় তুলে ধরেছেন CJP-র প্রতিষ্ঠাতা। গত ১০ অক্টোবর তিরঙ্গা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে তাঁকে বিমান থেকে নামিয়ে আটক ও গ্রেফতার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। পাশাপাশি বীডে ৭০ জন ভুয়ো শিক্ষকের নিয়োগ, NEET পরীক্ষার্থীদের আত্মহত্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ এবং মূল্যবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের সমস্যা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক আলোচনা হওয়া জরুরি। সংবিধান দিবসে নাগপুরের সভা থেকে সেই বার্তাই আরও একবার তুলে ধরতে চায় CJP।

google button