অনন্যা সরকার, হাওড়া: আকর্ষণীয় বেগুনি বর্ণের ফুলে ঢাকা উদ্যান দেখতে আর কাশ্মীর যেতে হবে না। সাধারণত কাশ্মীরের পার্বত্য জলবায়ুতে জন্মানো জাফরান বা কেশর এবার হাওড়ার দাসনগরে চাষ করা হচ্ছে (Saffron Farming)। বাংলার মাটিতে জাফরানের চাষ করছেন সৌরভ মাইতি নামে এক যুবক। তবে এই চাষ হয় একটি ঘরের মধ্যে নিয়ন্ত্রিত পরিবেশে। ইনডোর ফার্মিং পদ্ধতিতে জাফরান উৎপাদন করে যেমন উচ্চ লাভ করছেন, তেমন গড়েছেন নজির। সৌরভের দাবি, পশ্চিমবঙ্গে ঘরের ভেতর জাফরান চাষের এটিই প্রথম ঘটনা। কীভাবে শুরু করলেন তিনি এই অভিনব চাষ, আসুন জেনে নেওয়া যাক।
হাওড়ায় হচ্ছে জাফরানের চাষ
সৌরভ মাইতি তাঁর দাসনগরের বাড়ির ছাদে একটি জলবায়ু-নিয়ন্ত্রিত ঘর তৈরি করেছেন, যেখানে র্যাকের ওপর জাফরানের কন্দ রাখা হয়েছে। কাশ্মীরের মতো তাপমাত্রা ও আলোর পরিবেশ তৈরি করতে সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করা হয়, দিনের বেলা তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। এছাড়া, ফুল ফোটার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য ঘরের ভেতর একটি নির্দিষ্ট আর্দ্রতার মাত্রাও বজায় রাখা হয়।
গত সেপ্টেম্বর মাসে জাফরানের কন্দ সংগ্রহ করে সৌরভ এই চাষ শুরু করেন, তাঁর কাছে প্রায় ৩ কুইন্টাল কন্দ রয়েছে। বর্তমানে তিনি প্রায় ৫০০ গ্রাম কাশ্মীরি জাফরান উৎপাদন করছেন এবং বিক্রির জন্য ইতিমধ্যেই একটি কোম্পানির সঙ্গে আলোচনাও শুরু করেছেন।
আরও পড়ুন: ৪০ দিনেই ফলন, ব্যাপক চাহিদা! ভেষজ ‘বেসিল’ চাষে লক্ষ্মীলাভ বাংলার চাষিদের
ফুড টেকনোলজিতে বি.টেক (B.Tech) পাস করা সৌরভ আগে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করতেন। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের লালগড় অঞ্চলে কাজ করার সময় তিনি কৃষিকাজ নিয়ে নানা জ্ঞান অর্জন করেন। এরপর ওড়িশার সুজাতা আগরওয়ালের কাছ থেকে তিনি ইনডোর ফার্মিং পদ্ধতিতে জাফরান চাষের প্রশিক্ষণ নেন।
তবে সৌরভ কেবল নিজের চাষাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না। তাঁর লক্ষ্য হল, তরুণ প্রজন্মকে এই বিশেষ ধরনের চাষাবাদের পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া এবং আরও বেশি কৃষিজীবীদের মধ্যে জাফরান চাষের প্রসার ঘটানো। তাঁর মতে, এই উদ্যোগটি যেমন একাধারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, তেমনি অন্যদিকে বাজারে আরও সাশ্রয়ী মূল্যে জাফরান পাওয়া সম্ভব হবে।


