অনন্যা সরকার, দক্ষিণ দিনাজপুর: এবার গ্যাসের সিলিন্ডার বুক করা বা তা বাড়িতে পৌঁছানোর জন্য অপেক্ষা করার দিন শেষ হতে চলেছে। বালুরঘাটে পাইপলাইন নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি বাড়ির রান্নাঘরে গ্যাস (Piped Cooking Gas) পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। পুরসভার অনুমতি নিয়ে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে এক গ্যাস সরবরাহকারী সংস্থা এই উদ্যোগ চালু করেছে। ইতিমধ্যেই শহরের বেশ কিছু এলাকায় এই পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে।
বালুরঘাটে বসছে রান্নার গ্যাসের পাইপলাইন
সূত্র মারফৎ জানা গেছে, বালুরঘাট শহর জুড়ে প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক গড়ে তোলা হবে। শহরের ২৫টি ওয়ার্ডের প্রায় ৩০ হাজার পরিবারকে এই পরিষেবার অধীনে আনার পরিকল্পনা করছে গ্যাস পরিবহনকারী সংস্থা। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানিয়েছেন যে, প্রতিটি বাড়িতে বিনামূল্যে গ্যাসের পাইপলাইন কানেকশন দেওয়া হবে।
এদিকে, গ্যাস সরবরাহকারী সংস্থার ম্যানেজার নাসিম আলি জানিয়েছেন, বালুরঘাটের প্রধান রাস্তাগুলোতে পাইপলাইন বসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ভবিষ্যতে শহরের ছোট রাস্তা এবং গলিগুলোতে এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। এছাড়াও, একটি কেন্দ্রীয় গ্যাস বিতরণ কেন্দ্র স্থাপন করার প্রস্তুতি শুরু হয়েছে, যেখান থেকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে যাবে বাড়ি বাড়ি।
আরও পড়ুন: ট্রেন লেট করায় মিস হয় ফ্লাইট, দম্পতিকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ রেলের
এই পরিষেবা চালু হলে বাসিন্দাদের আর গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ঝক্কি পোহাতে হবে না, পাশাপাশি ডেলিভারির জন্য অপেক্ষা করার ঝামেলাতেও পড়তে হবে না। বাড়িতে সবসময়ই রান্নার জন্য গ্যাস উপলব্ধ থাকবে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ওই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। যদিও পাইপলাইন বসানোর কাজের জন্য সাময়িকভাবে রাস্তায় চলাচলের অসুবিধা হতে পারে, তবে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার তরফে সবদিক থেকে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।
এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বালুরঘাটের বাসিন্দাদের দৈনন্দিন গ্যাস ব্যবহারের পদ্ধতিতেও আমূল পরিবর্তন আসবে। সিলিন্ডারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ব্যবস্থা শহরের অনেক পরিবারের জন্যই বেশি সুবিধাজনক ও সময় সাশ্রয়ী সমাধান হয়ে উঠবে বলে আশা করা যায়।


