প্রীতি পোদ্দার, কলকাতা: শীতকাল মানেই ঘরে ফুলকপির রমরমা। আমিষ নিরামিষ ফুলকপি (Cauliflower) দিয়ে নানা রকম সুস্বাদু পদ রান্না করা যায়। কিন্তু অনেকসময় দেখা যায় ফুলকপির থেকে ফুলটা নিয়ে ডাঁটাগুলো আমরা ফেলে দিই। অথচ এই উপকরণ দিয়েই মাত্র ১০-১৫ মিনিটে বানিয়ে ফেলা যায় এক দুর্দান্ত স্বাদের ভর্তা (Cauliflower Stem Bharta), যা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সে রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।
উপকরণ
ফুলকপির ডাঁটা ভর্তা বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন সেগুলি হল – ফুলকপির ডাঁটা ৮-৯ টা, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, ধনেপাতা, সাদা তেল এবং জল।
রান্নার পদ্ধতি
- ফুলকপির কয়েকটি কচি ডাঁটা নিয়ে সেগুলোকে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। এরপর একটি কড়াইতে সামান্য জল নিয়ে সেই ডাঁটা গুলোকে নুন দিয়ে সেদ্ধ বা ভাপিয়ে নিতে হবে।
- ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এলে এবার আলাদা একটি প্যানে সামান্য সাদা তেল গরম করে নিতে হবে। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে ৬-৭ টা রসুনের কোয়ার খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে।
- এবার এই রসুনগুলো মাঝখান থেকে অর্ধেক করে গরম তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে। ওরই মধ্যে কালো জিরে, পেঁয়াজ কুচি এবং শুকনো লঙ্কাও দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে।
আরও পড়ুন: বাসি ভাত ফেলে না দিয়ে বাড়িতেই বানান মুচমুচে চিজ কাটলেট, রইল পদ্ধতি
- রসুন শুকনো লঙ্কার সঙ্গে ডাঁটাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে সামান্য স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে পুনরায় নাড়াচাড়া করে নিতে হবে। ৬-৭ মিনিট পর সেগুলিকে এবার আলাদা পাত্রে তুলে নিতে হবে।
- অন্যদিকে একটি ব্লেন্ডার নিয়ে এই ভাজা সবজিগুলো ওর মধ্যে দিয়ে একটা বাটা বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন বাটা টা যেন খুব বেশি মিহি না হয়ে যায়। এই মিশ্রণটা আলাদা পাত্রে তুলে নিয়ে এবার সামান্য ধনেপাতা কুচি ভালো করে জল দিয়ে ধুয়ে ব্লেন্ডারের মধ্যে মিক্সড করে নিতে হবে।
- কড়াইতে এবার সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে ফুলকপির ডাটা মিশ্রণ এবং ধনেপাতা বাটা ওর মধ্যে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ব্যস, তাহলেই তৈরি ফুলকপির ডাঁটা ভর্তা।


