অপরাজিতা গাছ ভরে ফুটবে ফুল, রইল পাঁচ ঘরোয়া উপায়

Published:

Aparajita Plant

অনন্যা সরকার, কলকাতা: বারান্দা বা বাগানে অপরাজিতা গাছ (Aparajita Plant) লাগালে তা যেমন চারপাশের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি ধর্মীয় দিক থেকেও এই ফুলটির গুরুত্ব অপরিসীম। তবে অনেক বাগানপ্রেমীই অভিযোগ করেন যে, এই লতানো গাছটি বড় হলেও তাতে ফুল সেভাবে আসে না। ঠিক কী করলে অপরাজিতা গাছ ফুলে ভরে যাবে, তা অনেকেই জানেন না। অথচ সঠিকভাবে যত্ন নিলে সারা বছর ধরে এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া সম্ভব। আসুন তাহলে এই উপায়গুলি জেনে নেওয়া যাক। 

১. পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শ

অপরাজিতা গাছের বৃদ্ধি ও ফুল ফোটার জন্য প্রচুর সূর্যের আলোর প্রয়োজন হয়। ছায়াযুক্ত বা কম আলো পায় এমন জায়গায় গাছ রাখলে তাতে পাতা বেশি আসলেও, ফুল খুব কম ফোটে। তাই গাছটিকে এমন জায়গায় রাখতে হবে, যেখানে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা সরাসরি উজ্জ্বল সূর্যালোক পড়ে।

২. নিয়মিত গাছের ডগা ছাঁটাই করা

অপরাজিতার লতা বড় হতে শুরু করলে আঙুল দিয়ে বা কাঁচি ব্যবহার করে এর ওপরের দিকের অংশ সামান্য ছেঁটে দিতে হবে। এতে গাছটি কেবল একদিকে না বেড়ে সব দিকে নতুন শাখা তৈরি করতে শুরু করবে। আর শাখা যত বেশি হবে, তত বেশি ফুল ফুটবে।

আরও পড়ুন: শীতের মরশুমে মাত্র ১২৬ টাকায় ঘুরে আসুন সিকিম, রইল সেরা উপায়

৩. মাটিতে পরিমিত আর্দ্রতা বজায় রাখা

মাটি একেবারে শুকিয়ে যাওয়া বা অতিরিক্ত জল জমে থাকা – দুটোই গাছের জন্য ক্ষতিকর। গাছে জল দেওয়ার আগে মাটির ওপরের স্তর পরীক্ষা করে দেখে নিতে হবে, মাটি কিছুটা শুকনো মনে হলে তবেই জল দিতে হবে। অতিরিক্ত জল দিলে গাছের শিকড় পচে যেতে পারে এবং গাছে আসা ফুলের কুঁড়িও ঝরে যেতে পারে।

৪. মাসে অন্তত একবার সার দেওয়া

ফুল ফোটার হার বাড়াতে মাসে অন্তত একবার মাটিতে জৈব সার প্রয়োগ করতে হবে। সরষের খোল, ভার্মিকম্পোস্ট বা কলার খোসা থেকে তৈরি সার ব্যবহার করা যেতে পারে। তবে অতিরিক্ত সার দেওয়াও গাছের স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ এতে ফুলের সংখ্যা কমে যেতে পারে।

৫. শুকিয়ে যাওয়া ফুল সরিয়ে দেওয়া

ফুল শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তা গাছ থেকে সরিয়ে ফেলাই ভালো। গাছে বীজ হতে দিলে গাছ তার সমস্ত শক্তি বীজকে পরিপক্ক করার কাজে ব্যয় করে, যার ফলে নতুন ফুল ফোটার হার কমে যায়। নিয়মিত শুকিয়ে যাওয়া ফুল গাছ থেকে সরিয়ে ফেলা সহ বাকি চারটি নিয়ম মেনে চললে আপনার অপরাজিতা গাছ ফুলে ফুলে ভরে উঠবে।

google button