অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের নবগঠিত সরকার সম্প্রতি বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ‘ভরসা’ প্রকল্প (Bharosa scheme) চালু করেছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি বলেন যে, এই প্রকল্পের আওতায় স্নাতক ডিগ্রিধারীরা মাসে ২,০০০ টাকা এবং স্নাতক নন এমন ব্যক্তিরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা মিলবে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ভরসা প্রকল্পের যোগ্যতার শর্তাবলি ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্টভাবে জানানো হয়েছে। আসুন তাহলে এই প্রকল্পে কারা, কীভাবে আবেদন করতে পারবেন, বিশদে জেনে নেওয়া যাক।
ভরসা প্রকল্পের আবেদনের শর্তাবলি
১. এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. ২০২৭ সালের ১লা জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
৩. আবেদনকারীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
৪. আবেদনকারী কোনোভাবেই সেল্ফ-এমপ্লয়েড বা কোনো সরকারি-বেসরকারি চাকরিতে কর্মরত থাকতে পারবেন না।
৫. একই পরিবারের সর্বোচ্চ দুজন মানুষ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৬. অন্নপূর্ণা যোজনা বা রাজ্য সরকারের অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। তবে, ‘মানবিক’ পেনশনের মতো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রদত্ত পেনশন পাচ্ছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
৭. ২০২৬ সালে এসআইআর (SIR)-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে। তবে যদি আবেদনকারীর কোনো মামলা এসআইআর আপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে কিংবা সিএএ (CAA)-এর অধীনে কোনো আবেদন প্রক্রিয়াধীন থাকে, তাহলে সেই ব্যক্তি আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: স্নাতক পাসেই চাকরি! ব্যাঙ্ক অফ বরোদায় বহু শূন্যপদে নিয়োগ, চলছে আবেদন
কীভাবে করবেন আবেদন?
‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে এবং যাচাই করা তথ্য ভরসা প্রকল্পের ডেটাবেসে যুক্ত করা হবে। ফিল্ড-লেভেলে যাচাই-বাছাইয়ের পর, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যোগ্য আবেদনকারীদের একটি তালিকা সুপারিশ করবেন। যদি ভুলবশত কাউকে সহায়তা প্রদান করা হয়, অথবা কোনো সুবিধাভোগী পরবর্তীকালে এই যোগ্যতার শর্তগুলি পূরণ করতে ব্যর্থ হন, তবে সেই সুবিধা বন্ধ বা স্থগিত করা হতে পারে। তবে এই ধরনের ক্ষেত্রে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে ওই সুবিধাভোগীকে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হবে। সন্তুষ্ট না হলে সরকার আর্থিক সহায়তা বন্ধ করে দেবে।


