ক্লিনিং কিউব দিয়ে দূর করুন জেদি দাগ, জেনে নিন বাড়িতে বানানোর সহজ পদ্ধতি

Published:

Cleaning Cubes

অনন্যা সরকার, কলকাতা: ঘর পরিষ্কার করার সময় এমন কিছু জেদি দাগ থাকে, যা দূর করতে রীতিমতো হিমশিম খেতে  হয়। যেমন টয়লেট সিটের দাগ, সিঙ্কের ময়লা কিংবা রান্নার পাত্রে লেগে থাকা পোড়া অংশ দূর করতে প্রায়শই বারবার ঘষামাজার প্রয়োজন পড়ে। তবে এই কাজগুলোকে সহজ করার জন্য বাড়িতেই তৈরি  করে নেওয়া যায় একটি বিশেষ ‘ক্লিনিং কিউব’ (Cleaning Cubes)। এর জন্য দামী কোনো বাণিজ্যিক ক্লিনার কেনার দরকার নেই বরং ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা সম্ভব। কীভাবে তৈরি করা হয় এই ক্লিনিং কিউব, আসুন জেনে নেওয়া যাক। 

কীভাবে তৈরি করবেন ক্লিনিং কিউব?

একটি পাত্রে আধা চা চামচ বেকিং সোডা, দুই চা চামচ ডিশ সোপ এবং এক চা চামচ টুথপেস্ট নিতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটি একটি আইস কিউব ট্রে-তে ঢেলে ৪ থেকে ৫ ঘণ্টার জন্য ফ্রিজারে রাখতে হবে। জমে গেলে কিউবগুলো ব্যবহারের জন্য প্রস্তুত। তবে মনে রাখতে হবে, ফ্রিজারে রাখার পরেও কিউবগুলো কিছুটা নরম থাকতে পারে, তাই সাবধানে ব্যবহার করাই শ্রেয়। 

ক্লিনিং কিউবগুলি কোথায় ব্যবহার করা যায়?

১. টয়লেট সিট: সিটের ওপর একটি কিউব রেখে কয়েক মিনিট অপেক্ষা করুন, তারপর ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। টয়লেটের জন্য আলাদা ক্লিনিং ব্রাশ ব্যবহার করুন। 

২. রান্নাঘরের সিঙ্ক: সিঙ্কের জেদি দাগ তোলার জন্য সিঙ্কের ওপর কিউবটি ঘষুন অথবা সামান্য জলে রেখে দিন। এতে তেলচিটে ভাব ও আটকে থাকা খাবারের অবশিষ্টাংশ দূর হবে। এরপর একটি স্কোরিং প্যাড দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: দাঁত মাজলে নিজেই বিদ্যুৎ তৈরি করবে এই বিশেষ ইলেকট্রিক টুথব্রাশ! শেষ হবে মুখের ব্যাকটেরিয়া

৩. পোড়া রান্নার বাসন: পাত্রে সামান্য জল দিয়ে এই মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর উপযুক্ত স্কোরিং প্যাড দিয়ে ঘষে পরিষ্কার করুন। পাত্রের ধরন অনুযায়ী সঠিক প্যাড বেছে নিন, যাতে আঁচড় না পড়ে।

৪. বাথরুমের মেঝে: মেঝের ওপর একটি কিউব রেখে সামান্য জল দিন, ব্রাশ দিয়ে ঘষুন ও সবশেষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সাবানের দাগ ও জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করে।

তবে মনে রাখবেন, এই ক্লিনিং কিউবগুলি সব ধরনের পৃষ্ঠের ওপর ব্যবহারের উপযোগী নাও হতে পারে। তাই ব্যবহারের আগে কোনো একটি ছোট ও আড়ালে থাকা অংশে প্যাচ টেস্ট করে নিন। ব্লিচ, বাণিজ্যিক টয়লেট ক্লিনার বা অন্য কোনো ক্লিনিং প্রোডাক্টের সঙ্গে এটি মেশাবেন না। যে আইস কিউব ট্রেতে এই ক্লিনিং কিউবগুলো জমানো হয়েছে, তা কখনোই খাবার বা পানীয় রাখার কাজে ব্যবহার করবেন না। এই  কিউবগুলো শিশু ও পোষ্যের নাগালের বাইরে রাখুন।

google button