অনন্যা সরকার, কেরালা: অনেক সময় কঠিন পরিশ্রম করার পরেও যখন কাঙ্ক্ষিত ফল মেলে না, তখন হতাশা গ্রাস করে। সেই হতাশাকে জয় করে যারা দৃঢ় বিশ্বাস নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন, তাঁরাই জীবনে সাফল্যের শিখরে উঠতে পারেন। কেরালার কোডুঙ্গাল্লুরের ২৯ বছর বয়সী হাইজিল জেবিনের (Success Story of Haizil Jebin) জীবনও এটা প্রমাণ করে যে, ব্যর্থতাই জীবনের শেষ কথা নয়। ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখলেও, তাঁর চলার পথে নানা বাধা এসেছে। তবে হার না মানার জেদ আজকে তাঁকে তাঁর স্বপ্নের খুব কাছে পৌঁছে দিয়েছে। একদিন তাঁকে জোমাটোর ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করতে হয়েছে, তিনিই এখন কমার্শিয়াল পাইলট হওয়ার জন্য বিদেশের মাটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। চলুন হাইজিল জেবিনের এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
ডেলিভারি বয়ের চাকরি থেকে পাইলট হওয়ার পথে যাত্রা
ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ২০টি পেপারে ‘ব্যাকলগ’ পেয়েছিলেন হাইজিল জেবিন। ফলে তিনি তাঁর সহপাঠীদের চেয়ে ছয় মাস পিছিয়ে পড়েন। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো তাঁর আগ্রহের সাথে মেলেনি, তাই পড়াশোনার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় তাঁকে। যখন তাঁর সহপাঠীরা একের পর এক ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি পেয়ে যাচ্ছেন, তখন জেবিন কেবল পরীক্ষায় পাস করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তী সময়ে সংসারের খরচ সামলাতে তিনি কোচিতে জোমাটোর ডেলিভারি পার্টনার হিসেবে এবং বেঙ্গালুরুতে একটি এড-টেক কোম্পানিতে গণিতের শিক্ষক হিসেবে কাজ করেছেন।
হাইজিল জেবিন জীবনের বড় ধাক্কাটা খান ২০২০ সালে, যখন জানতে পারেন দুবাইতে তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ অতিমারির জটিল পরিস্থিতির কারণে ২০২১ সালের জুন মাসে তাঁর বাবা মারা যান, ঠিক সেই সময়েই জেবিন তাঁর শিক্ষকতার চাকরিটিও খোয়ান। এদিকে, বায়ু সেনার পাইলট হওয়ার স্বপ্নও ভেঙে যায়। বিমানবাহিনীতে যোগদানের জন্য বয়স ২৬-এর কম হতে হয়। জেবিনের বয়স ২৭ বছর পেরিয়ে যাওয়ায় সেই পথটিও চিরতরে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: কোয়ান্টাম ফিজিক্সে ইতিহাস বাঙালি বিজ্ঞানীর! মিলল৩২ বছর পুরনো তত্ত্বের প্রথম বাস্তব প্রমাণ
তবে জেবিন হাল ছাড়েননি। তিনি কমার্শিয়াল পাইলট প্রশিক্ষণের জন্য ফিলিপিন্সে ‘ফাস্ট এভিয়েশন একাডেমিতে ভর্তি হন। প্রায় দুই বছর ধরে তিনি বিভিন্ন ব্যাংকে এডুকেশনাল লোনের জন্য আবেদন করে গেছেন, কিন্তু কোনোবারই তাঁর আবেদন গৃহীত হয়নি। অবশেষে একটি ব্যাংক তাঁর ঋণ মঞ্জুর করে এবং ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ফিলিপিন্সের উদ্দেশ্যে রওনা হন।
হাইজিল জেবিন ২০২৬ সালের শুরুর দিকে তাঁর ‘প্রাইভেট পাইলট’ প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং বর্তমানে কমার্শিয়াল পাইলট হওয়ার লক্ষ্যে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। জেবিনের এই কাহিনীটি এটাই শেখায় যে, কোনো স্বপ্নপূরণ হতে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগতে পারে, কিন্তু তা অসম্ভব হয়ে যায় না। অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নতুন করে শুরু করার সাহস সব বাধা কাটিয়ে সাফল্যের পথে নিয়ে যায়।


