অনন্যা সরকার, কলকাতা: যাঁরা নিয়মিত মাইগ্রেনের (Migraine) সমস্যায় ভোগেন, তাঁদের কাছে শীতের ঠান্ডা সকাল ও ছোট দৈর্ঘ্যের দিনগুলো বেশ কষ্টদায়ক হয়ে ওঠে। তাপমাত্রা ও সূর্যের আলোর তেজ কমে যাওয়া এবং বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন – এসবই মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। তবে মনে রাখা দরকার যে, শুধু শীতকালই মাইগ্রেনের সরাসরি কারণ নয়, বরং এই ঋতুতে দৈনন্দিন রুটিনে যে পরিবর্তনগুলো আসে, সেগুলোই মাইগ্রেনের লক্ষণগুলোকে উস্কে দিতে পারে বা আরও খারাপ করে তুলতে পারে। তাই এই লক্ষণগুলো আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। শীতে কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন, আসুন জেনে নেওয়া যাক।
শীতকালে কেন বেড়ে যায় মাইগ্রেন?
শীতকালে তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুমণ্ডলের চাপের পরিবর্তনের পাশাপাশি ঘরের ভেতরের শুষ্ক বাতাস, ঘুমের ধরনের পরিবর্তন ও মানসিক চাপের বৃদ্ধি – এসবই মাইগ্রেন শুরুর কারণ হতে পারে। মাইগ্রেনের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথার একপাশে দপদপ করা ব্যথা, বমি বমি ভাব বা বমি হওয়া এবং আলোর প্রতি সংবেদনশীলতা। কারও কারও ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা শুরুর আগে চোখে দেখার ক্ষেত্রেও কিছু সমস্যা হয়।
মাইগ্রেন প্রতিরোধের উপায়
যেহেতু একেকজনের ক্ষেত্রে মাইগ্রেন শুরুর কারণ একেক রকম হয়, তাই খাদ্যাভ্যাস, মানসিক চাপের মাত্রা এবং দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার মতো বিষয়গুলো চিহ্নিত করা জরুরি। মাইগ্রেন নিয়ন্ত্রণ রাখার জন্য –
আরও পড়ুন: শীতের রাতে মোজা পরে ঘুমানো কি আদৌ স্বাস্থ্যকর? জানুন বিস্তারিত
১. নিয়মিত রুটিন মেনে ঘুমোনো উচিত।
২. সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে।
৩. প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন।
৪. সুষম খাবার খান এবং কোনো বেলার খাবার বাদ দেবেন না।
৫. মানসিক চাপ কমাতে যোগব্যায়াম, ধ্যান বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।
৬. ক্যাফেইন গ্রহণের পরিমাণ সীমিত রাখতে হবে।
৭. মাইগ্রেনের লক্ষণ এবং সম্ভাব্য কারণগুলো লিখে রাখার জন্য একটি ডায়েরি বা জার্নাল ব্যবহার করুন।
চিকিৎসকরা রোগীর শারীরিক পর্যালোচনা করে, লক্ষণগুলো মূল্যায়ন করেন এবং শারীরিক ও স্নায়বিক পরীক্ষার মাধ্যমে মাইগ্রেন শনাক্ত করেন। তাঁরা মাইগ্রেনের আক্রমণের হার, তীব্রতা ও ধরন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করতে পারেন। প্রয়োজনে এমআরআই (MRI) বা সিটি স্ক্যান (CT scan) করারও পরামর্শ দিতে পারেন।
মাইগ্রেননের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ নির্ভর করে মাইগ্রেনের আক্রমণের হার ও তীব্রতার ওপর। সাধারণত মাথাব্যথা কমানোর ওষুধ, বমি ভাব বা বমি নিয়ন্ত্রণ করার ওষুধ ও ভবিষ্যতে মাইগ্রেন প্রতিরোধ করার ওষুধ দেন ডাক্তাররা। যাঁরা দীর্ঘস্থায়ী মাইগ্রেনে ভুগছেন ও প্রচলিত চিকিৎসায় কোনো স্বস্তি পাচ্ছেন না, তাঁদের ক্ষেত্রে ‘সার্জিক্যাল মাইগ্রেন ডিকম্প্রেশন’ (surgical migraine decompression)-এরও পরামর্শ দিতে পারেন চিকিৎসকরা। এই পদ্ধতিতে মাইগ্রেন সৃষ্টিকারী স্নায়ুগুলোর ওপর থেকে চাপ কমানো হয়। এটি মাইগ্রেনের আক্রমণের হার কমায়।


