সিনেমা জগতে পা শতাব্দী-কন্যার, কিংবদন্তি অভিনেত্রীর চরিত্রে শামিয়ানার অভিষেক

Published:

Satabdi Roy daughter Samiyana

অনন্যা সরকার, কলকাতা: মাকেই অনুসরণ করলেন মেয়ে। অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়ের (Satabdi Roy) মেয়ে শামিয়ানা পা রাখতে চলেছে অভিনয় জগতে। অতনু রায় পরিচালিত ‘ফাতমা’ চলচ্চিত্রে দেখা যাবে তাঁকে। ১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে শতাব্দী রায় তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন, ঠিক চার দশক পর তাঁর মেয়ে এবার বড় পর্দায় মুখ দেখাতে চলেছে।

শতাব্দী রায়ের কন্যার অভিনয় জগতে প্রবেশ 

শতাব্দী রায় ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের কন্যা শামিয়ানা। তবে বাড়িতে সবাই তাঁকে আদর করে ‘জুমি’ বলে ডাকে। অষ্টম শ্রেণির ছাত্রী শামিয়ানা ছবিটিতে কিশোরী জুবেদার চরিত্রে অভিনয় করছে। আর নাম ভূমিকায় অর্থাৎ ফাতমা বেগমের চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর প্রাপ্তবয়স্ক জুবেদার চরিত্রে দেখা যাবে আনন্দরূপা চক্রবর্তীকে। অর্থাৎ, শামিয়ানা এমন একজনের শৈশবের চরিত্রে অভিনয় করছে, যিনি পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্রের গোড়ার দিকে এক অন্যতম বিখ্যাত অভিনেত্রী হয়ে উঠেছিলেন।

রুপোলি পর্দার মেয়ের পদার্পণ নিয়ে উচ্ছ্বসিত শতাব্দী। তিনি জানান, শামিয়ানার অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ থাকলেও তাঁর ছেলের তেমন আগ্রহ নেই। তিনি আশা করেন যে, শামিয়ানা শুধু ‘শতাব্দী রায়ের মেয়ে’ হিসেবে পরিচিত হবে না, নিজের যোগ্যতায় চলচ্চিত্র জগতে একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে নেবে। 

আরও পড়ুন: দারিদ্র্যের কটাক্ষ উড়িয়ে মাত্র ২৩-এ UPSC জয়ী অঙ্কিত, হলেন প্রথম শ্রেণির গ্যাজেটেড অফিসার

তিনি আশাবাদী যে, আসন্ন এই ছবিটি অনেক দর্শককে দেশের প্রথম মহিলা চলচ্চিত্র পরিচালকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। সিনেমা জগতে নিজের অভিষেকের ঠিক ৪০ বছর পর কন্যার বড় পর্দায় যাত্রা শুরু দেখাটা শতাব্দীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। শামিয়ানা জানায়, ছোটবেলা থেকেই মায়ের অনেক সিনেমা দেখে বড় হওয়ার সুবাদে তারও অভিনয়ের প্রতি দীর্ঘদিনের আকর্ষণ ছিল এবং ভবিষ্যতে সে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিতে চায়।

জানিয়ে রাখি, অরোরা ফিল্ম কর্পোরেশনের ব্যানারে অঞ্জন বসু প্রযোজিত ‘ফাতমা’ ছবিটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত। ফাতমা বেগম পরিচালিত নির্বাক চলচ্চিত্র ‘বুলবুল-এ-পরিস্থান’ (১৯২৬)-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে এই সিনেমাটি পরিচালকে উৎসর্গ করে নির্মাণ করা হচ্ছে। এই ছবিতে ফাতমা বেগমের জীবন সংগ্রাম, একটি স্বতন্ত্র ফিল্ম প্রযোজনা সংস্থা গড়ে তোলার দৃঢ় সংকল্প এবং ভারতীয় চলচ্চিত্রের শুরু তাঁর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হবে। শতাব্দীর মেয়ে শামিয়ানাকে জুবেদা চরিত্রে অভিনয় করতে দেখে ঋতুপর্ণা সেনগুপ্তও অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। ঋতুপর্ণা ও শতাব্দী একাধিক চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন, এমনকি ‘ওম শান্তি’ নামে একটি চলচ্চিত্রে শতাব্দী পরিচালক হিসেবে ঋতুপর্ণাকে নির্দেশনাও দেন। 

আগামী বছর মুক্তি পেতে চলা ‘ফাতমা’ ছবিটি পরিচালক অতনু রায়ের কাছেও একটি গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে। তাঁর কথায়, কিশোরী জুবেদা চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রীর সন্ধান করার সময় শামিয়ানার সঙ্গে কথা বলার পরই তিনি নিশ্চিত হন যে, এই চরিত্রের জন্য সে-ই সবচেয়ে উপযুক্ত। 

উল্লেখ্য, ফাতমা বেগমের কন্যা জুবেদা নির্বাক চলচ্চিত্র যুগে নিজেকে একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, ‘আলম আরা’ (১৯৩১)-তেও তাঁর অসাধারণ অভিনয়শৈলী দেখিয়ে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন জুবেদা এবং পরবর্তীকালে সবাক চলচ্চিত্রের অন্যতম প্রধান তারকাও হয়ে ওঠেন। ১৯৩০ ও ১৯৪০-এর দশকের শুরুর দিকে তিনি উত্তরা, সুভদ্রা ও দ্রৌপদীর মতো চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র জগতে নিজের মেয়ের ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে ফাতমা বেগমের প্রচেষ্টা আসন্ন সিনেমাটির কাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকতে চলেছে। নিজের মেয়েকে রুপোলি পর্দায় দেখার জন্য উৎসুক মা শতাব্দী।

google button