অনন্যা সরকার, আসাম: ছোট থেকেই মহাকাশের রহস্য উন্মোচনের স্বপ্ন দেখত ছেলেটা। মাত্র ২২ বছর বয়সে লখিমপুরের যুবক সত্যজিৎ কামন এবার দেশের মহাকাশ গবেষণা সংস্থা, ইসরো-তে বিজ্ঞানী/প্রকৌশলী এসসি (ISRO Scientist / Engineer – SC) পদে নির্বাচিত হয়েছেন (Success Story of Satyajit Kaman)। ধকুয়াখানার বালিচাপোরি গ্রামের এই তরুণের সাফল্য এখন জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। উত্তর আসামের এই মেধাবী ছাত্রের এই অসাধারণ সাফল্যে তাঁর পরিবার, এলাকাবাসী থেকে শুরু করে গর্বিত গোটা রাজ্য।
ইসরোর বিজ্ঞানী পদে সুযোগ পেলেন আসামের ছাত্র
গ্রামীণ পরিবেশে বড় হয়ে ওঠা সত্যজিৎ তাঁর শিক্ষাজীবন শুরু করেন গোগামুখে। সেখানেই স্কুলজীবন সম্পূর্ণ করে উচ্চ মাধ্যমিকের জন্য নগাঁওয়ে যান। নগাঁওয়ের রামানুজন জুনিয়র কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি। ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন। এখন ইসরোতে বিজ্ঞানী ও প্রকৌশলী পদে নির্বাচিত হয়ে তিনি আবারও নিজের মেধার স্বাক্ষর রাখলেন।
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে নির্বাচনের খবরে আনন্দ প্রকাশ করে সত্যজিৎ জানান, এই সুযোগ পেয়ে তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন। এছাড়াও, তিনি তাঁর সমস্ত শিক্ষক এবং যাঁরা এই যাত্রায় তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সত্যজিতের সাফল্যে তাঁর বাবা-মা অত্যন্ত খুশি, উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রামবাসীরাও।
আরও পড়ুন: মাত্র ৯৯ টাকা লাগিয়ে তিন বন্ধু শুরু করেন ব্যবসা, এখন বছরে ৮ কোটি আয়
প্রসঙ্গত, ১৯৬৯ সালের ১৫ আগস্ট ড. বিক্রম সারাভাই ভারতের মহাকাশ গবেষণার প্রধান প্রতিষ্ঠান, ইসরোর প্রতিষ্ঠা করেন। সংস্থাটির সদর দপ্তর বেঙ্গালুরুতে। বর্তমানে মহাকাশ পর্যবেক্ষণ, স্যাটেলাইট যোগাযোগ, আবহাওয়ার পূর্বাভাস, নেভিগেশন ও মহাকাশ অভিযানে ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সায়েন্টিস্ট/ইঞ্জিনিয়ার ‘এসসি’ পদটি কর্মজীবনের শুরুর ধাপ। এটি কেন্দ্রীয় সরকারের লেভেল ১০ বেতন কাঠামোর অন্তর্ভুক্ত। এই পদে নির্বাচনের জন্য জিএটিই (GATE) স্কোর অথবা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হয়। মাত্র ২২ বছর বয়সেই সত্যজিৎ এই কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্ব আসামের গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীদের, বিশেষ করে বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।


