আনিষা চৌধুরী, কলকাতা: শীতের (Winter) সকাল আর সামনে ধোঁয়া ওঠা গরম গরম কড়াইশুঁটির কচুরি (Kachori)! এ যেন একেবারে স্বর্গসুখ। আট থেকে আশি, সকলেরই পছন্দের এই লোভনীয় খাবার। তবে বাড়িতে কচুরি বানাতে গেলেই অনেক সময় সমস্যায় পড়তে হয়। কারও কচুরি ফুলে ওঠে না, আবার কারও হাতে কড়াইশুঁটির সেই চেনা স্বাদটাই আসে না। কিন্তু সঠিক পদ্ধতি মেনে তৈরি করলে আপনার হাতের কড়াইশুঁটির কচুরিও বাড়ির সকলের মন জয় করতে পারে। তাহলে জেনে নিন সহজে কড়াইশুঁটির কচুরি বানানোর পদ্ধতি।
প্রথম ধাপ: উপকরণ তৈরি
- কচুরির পুর তৈরির জন্য লাগবে ১ কাপ কড়াইশুঁটি, ১ চামচ আদা বাটা, ১-২টি কাঁচালঙ্কা, আধ চামচ জিরে, সামান্য হিং, নুন ও স্বাদমতো চিনি।
- ময়দার জন্য লাগবে ২ কাপ ময়দা, ২ টেবিল চামচ সাদা তেল বা ঘি, নুন এবং পরিমাণমতো জল। জলটা সামান্য গরম করে নিলে আরও ভালো হয়।
দ্বিতীয় ধাপ: কড়াইশুঁটির পুর তৈরি
কচুরির আসল স্বাদ লুকিয়ে থাকে তার পুরে। প্রথমে কড়াইশুঁটি ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন। এবার মিক্সিতে কড়াইশুঁটি ও কাঁচালঙ্কা দিয়ে ভালো করে বেটে নিন। কড়াইতে সামান্য তেল গরম করে তাতে জিরে, হিং ও আদা বাটা দিয়ে নাড়ুন। এরপর কড়াইশুঁটির মিশ্রণ দিয়ে নুন ও চিনি মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। পুরের জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন।
তৃতীয় ধাপ: ময়দা মাখা
একটি পাত্রে ময়দা, নুন ও তেল বা ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প জল দিয়ে নরম করে ময়দা মেখে নিন। ময়দা মাখা হয়ে গেলে ঢেকে অন্তত ১৫-২০ মিনিট রেখে দিন।
চতুর্থ ধাপ: কচুরি তৈরি
এবার ময়দার ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচির মাঝখানে কড়াইশুঁটির পুর ভরে মুখ ভালো করে বন্ধ করে দিন। এরপর আলতো হাতে বেলে কচুরির আকার দিন। খেয়াল রাখবেন, বেলার সময় বেশি চাপ দেবেন না। এতে পুর বাইরে বেরিয়ে আসতে পারে।
পঞ্চম ধাপ: ভেজে নিন
কড়াইতে সাদা তেল গরম করে আঁচ মাঝারি রাখুন। এবার একে একে কচুরিগুলি তেলে ছেড়ে দিন। হালকা হাতে চাপ দিলে কচুরি ফুলে উঠবে। দু’পিঠ সোনালি করে ভেজে তুলে নিন।
আরও পড়ুন: শীতের মরশুমে বাড়িতেই বানান সুস্বাদু নলেন গুড়ের পায়েস, রইল সহজ পদ্ধতি
কচুরি ফুলিয়ে তুলতে ময়দা খুব শক্ত করে মাখবেন না। পাশাপাশি পুরের মধ্যে যেন কোনও অতিরিক্ত জল না থাকে, সেদিকেও খেয়াল রাখবেন। তাহলেই আর দোকানের উপর নির্ভর করতে হবে না। তাহলে আর দেরি কীসের? বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন ধোঁয়া ওঠা গরম গরম কড়াইশুঁটির কচুরি।


