ভাইপো অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় FIR কাকা বাবুনের

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু দল নয় এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অন্দরের সংঘাত পৌঁছে গেল সরাসরি থানার দরজায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন (Babun Banerjee)। জানা গিয়েছে সার্বভৌমত্ব বিপন্ন করার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে FIR-এর (Abhishek Banerjee FIR) আবেদন জানিয়েছেন তিনি। এদিকে ভাইপোর বিরুদ্ধে এমন পদক্ষেপকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

সংঘাত বাঁধল ব্যানার্জি বাড়িতে

গত কয়েক বছর ধরেই বাবুনের সঙ্গে মমতার পরিবারের সম্পর্ক খুব একটা ভালো নয়। ২০২৪ সালের লোকসভা ভোটে হাওড়া থেকে তৃণমূল প্রার্থী হতে না পেরে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বাবুন। তবে অভিষেকের বৃত্তে বাবুন থাকার যে চেষ্টা করতেন তা বেশ বোঝা যেত। তবে নির্বাচনের আগে SIR এর বিরুদ্ধে যখন মমতা ধর্মতলায় টানা ধর্নায় বসেছিলেন, সেই সময় বাবুনকে সেখানে দেখা গিয়েছিল। কিন্তু বিধানসভা ভোটের পরেই পরিস্থিতি বদলে যায়। বারংবার মমতার ভাইয়ের মুখে শুভেন্দু অধিকারীর সুনাম শোনা যায়। শুধু তাই নয়, কিছুদিন আগে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালী পুজোতেও এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার সেই বাবুন-ই নিজের ভাইপোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন।

কী অভিযোগ বাবুনের?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার, বিচারব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানের অবমাননা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার গুরুতর অভিযোগে সাংসদ অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগপত্রে জানানো হয়েছে, গত ৭ নভেম্বর ফেসবুকে প্রকাশিত একটি ভিডিয়োবার্তায় অভিষেক তাঁর নিরাপত্তাজনিত একটি বিচারাধীন মামলার প্রসঙ্গ তুলে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছিলেন। এর জন্য গত ১৭ নভেম্বর কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল বা শোকজ নোটিস জারি করলেও অভিষেক তবুও সংবাদমাধ্যমের সামনে বিচারব্যবস্থাকে নানাভাবে আক্রমণ করেছেন।

আরও পড়ুন: ২০২৩-এ উচ্চমাধ্যমিকে রাজ্যে হয়েছিল চতুর্থ, ২২ বছর বয়সেই ইসরোর বিজ্ঞানী হলেন সত্যজিৎ

বাবুনের আরও অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্য নির্বাচন কমিশনার ও দেশের প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তাই বাবুনের দাবি, পরিকল্পিত ভাবে বারবার এই ধরনের মন্তব্য করে জনসাধারণের মধ্যে বিচারব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা তৈরি করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, তিনি অভিষেকের চিকিৎসা নিয়েও প্রশ্ন তুলেছেন। বারংবার বিদেশ যাত্রার পেছনে কোনও বিদেশি চক্রান্ত বা অর্থের জোগান রয়েছে কি না, তা খতিয়ে দেখার আবেদনও জানানো হয়েছে। সবমিলিয়ে সাত পাতার অভিযোগপত্রে ছত্রেছত্রে রয়েছে ভাইপোর বিরুদ্ধে অভিযোগ।

কী বলছেন বিধায়ক শোভনদেব?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এইরূপ অভিযোগ দায়ের করে কার্যত মমতার বিরুদ্ধেই গৃহযুদ্ধ ঘোষণা করে দিলেন বাবুন। এবং ধীরে ধীরে যে দিদির ভাই থেকে বাবুন দাদার ভাই হয়ে ওঠার চেষ্টা করছেন তা বেশ বুঝতে পারছেন বিরোধীরা। এ প্রসঙ্গে সর্বভারতীয় মমতা তৃণমূলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘ও কত মমতা আর অভিষেক বিরোধী তা প্রমাণ করতেই এসব করেছে। এটা আসলে খুব নিম্নমানের রাজনীতি। আমি এ বিষয়ে বেশিকিছু বলতে চাই না।’’

google button