প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি দফতরে ফের দুর্নীতির অভিযোগ উঠল মালদায়। ঘুষ নিতে গিয়ে রীতিমতো হাতেনাতে ধরা পড়লেন মালদা রেলওয়ে ডিভিশনের (Malda DRM Office Raid) করণিক অফিস সুপারিনটেন্ডেন্ট উমাশঙ্কর পাণ্ডে। মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম অফিসে সিবিআইয়ের অভিযানে (CBI Raid) চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে টানা ৬ ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় তাঁকে।
মালদা রেল ডিভিশনে দুর্নীতির অভিযোগ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার, মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম অফিসে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। বিকেল সাড়ে চারটে নাগাদ CBI এর একটি দল ডিআরএম অফিসে পৌঁছেছিল। সেই তদন্তে ডিভিশনের করণিক অফিস সুপারিনটেন্ডেন্ট উমাশঙ্কর পাণ্ডেকে জেরা করা হয় দীর্ঘক্ষণ। তারপরই ওই সুপারিনটেন্ডেন্টের কোয়াটারে হানা দেয় তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় একাধিক নথিপত্র এবং সিল করে দেয় ওই কোয়াটার।
ঘুষকাণ্ডে রেলকর্মীকে ঘিরে চাঞ্চল্য
সিনিয়র ক্লার্ক উমাশঙ্কর পাণ্ডেকে তদন্তকারী আধিকারিকরা টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে। শেষে ছয় ঘণ্টা পর সিবিআইয়ের দুই আধিকারিক তাঁকে ডিআরএম অফিসের ভবন থেকে বাইরে নিয়ে আসেন এবং গাড়িতে তুলে নিতে যায় CBI। আরও প্রমাণ জোগাড়ের তাগিদে ওই অফিসে এখনও চলছে তল্লাশি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে রেলকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সরকারি দফতরে দুর্নীতি ও ঘুষের অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও একাধিক সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিককে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন: ভাইপো অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় FIR কাকা বাবুনের
রাজ্যে বিজেপি সরকার আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। স্পষ্ট জানানো হয়েছিল যে, রাজ্যে কোনও অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে। আর এই বার্তা প্রশাসনের সকল স্তরের জন্য প্রযোজ্য। কিন্তু এই বার্তার পরেও এখনও রাজ্যে ঘুষ নেওয়ার নানা অভিযোগ উঠে আসছে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। আর এবার সেই অভিযোগের হদিস পাওয়া গেল মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম অফিসে।


