নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টও সুযোগ পেলেন না সিরাজ, শেষ হল ৬ বছরের ধারাবাহিকতা

Published:

Mohammed Siraj Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও (India Vs New Zealand) ভারতীয় দলে জায়গা হলো না তারকা পেসার মোহম্মদ সিরাজের (Mohammed Siraj)। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মুখোমুখি হয়েছে দুই দল। সেই আসরেও সিরাজকে বাদ রেখে একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া। তাঁর জায়গায় টেস্টে অভিষেক হয়েছে তরুণ পেসার গুরনূর ব্রারের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে সিরাজের অনুপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসলে ভারতীয় ক্রিকেটারকে গোটা সিরিজে জায়গা না দেওয়ায় ভেঙে গিয়েছে 6 বছরের ধারাবাহিকতা।

শেষ হলো 6 বছরের ধারাবাহিকতা

2020 সালে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল সিরাজের। তারপর থেকে ভারতের হয়ে বিদেশে প্রত্যেকটিতে সিরিজে খেলেছিলেন এই তরুণ তারকা। তুলে নিয়েছিলেন একের পর এক উইকেট। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে সুযোগ না হওয়ায় শেষ হয়ে গেল 6 বছরের ধারাবাহিকতা। বলে রাখা প্রয়োজন, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 11 ম্যাচে অংশ নিয়ে 43টি উইকেট তুলে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারির তকমাও পেয়েছেন সিরাজ। তা সত্ত্বেও নিউজিল্যান্ড সিরিজে সুযোগ হলো না এই খেলোয়াড়ের।

সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিলের সিদ্ধান্ত। ইতিমধ্যেই ভারতীয় তারকাকে দল থেকে বাদ দেওয়ায় প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তাঁর বক্তব্য, বিদেশের মাটিতে টেস্ট হলে জসপ্রীত বুমরাহর পাশাপাশি প্রথম পছন্দ হওয়া উচিত সিরাজও। এদিন কাইফ মনে করিয়ে দেন, ভারতীয় দলের বোলিং কোচ মর্নে মরকেল সিরাজকে নিজেই বিশ্বমানের বোলার বলেছিলেন।

 

আরও পড়ুন: ৮ উইকেট হাতে রেখে ভারতের এশিয়া কাপ জয়ের স্বপ্ন শেষ করে দিল শ্রীলঙ্কা

সোশ্যাল মিডিয়ায় সিরাজের দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুলে কাইফ একেবারে সরাসরি বলেন, “এটা বিশ্বাস করাটা কঠিন। টিম ইন্ডিয়ার অন্যতম দ্রুতগতির বোলার সিরাজ। তাঁকেই দল থেকে বাদ দেওয়া হল!” এর আগে প্রথম টেস্ট থেকে সিরাজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলে শুভমন গিল বলেছিলেন, সিদ্ধান্তটা কঠিন ছিল। তবে সিরাজ সেরা ফর্মে না থাকার কারণেই তাঁকে দল থেকে বাদ রাখতে হয়েছে।

google button