বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় অর্থাৎ শেষ টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। আজ অর্থাৎ শুক্রবার, শুরু হওয়া দু’দলের শেষ টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। ভারতীয় বোলাররা অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে বেশ কয়েকটি উইকেট তুলেছেন। তাতে খানিকটা হলেও চাপমুক্ত হয়েছে ভারত। এরই মাঝে এদিন ব্যাট করতে না নেমেই সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) পেছনে ফেলে বড় নজির গড়লেন তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবে সর্বোচ্চ বিশ্বরেকর্ডটি ভাঙতে পারেননি ভারতীয় ক্রিকেটার।
কী এমন করলেন যশস্বী?
2020 সালের 12 জুলাই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জার্সিতে আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়েছিল জয়সওয়ালের। এরপর থেকে লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য তিনি। দেশের জন্য ব্যাট চালিয়ে গড়েছেন একের পর এক নতুন রেকর্ড। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ তাঁর কেরিয়ারের 33তম টেস্ট। আর সেই সূত্র ধরেই নতুন রেকর্ড গড়েছেন ভারতীয় তারকা।
আসলে, আন্তর্জাতিক টেস্টে অভিষেকের পর বিভিন্ন ভেন্যুতে সর্বাধিক ম্যাচ খেলার ক্ষেত্রে সঞ্জয় মাঞ্জরেকারের পাশেই বসেছেন তরুণ জয়সওয়াল। তিনিও অভিষেকের পর 33টি টেস্ট খেলেছিলেন। তবে এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটার ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। মাস্টার ব্লাস্টার 1989 সালে টেস্টে অভিষেকের পর মাত্র 32টি ম্যাচ খেলেছিলেন। এরপরই তালিকায় রয়েছেন ভারতের জাভাগাল শ্রীনাথ। যিনি বিভিন্ন মাঠে অভিষেকের পর 24টি টেস্ট খেলেছিলেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টও সুযোগ পেলেন না সিরাজ, শেষ হল ৬ বছরের ধারাবাহিকতা
সঞ্জয় মাঞ্জরেকারের এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ভারতের তরুণ তারকা তথা ওপেনার জয়সওয়ালের হতে। 2027 সালের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামলেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের রেকর্ড ভেঙে 34 নম্বর টেস্টে পদার্পণ করবেন জয়সওয়াল। তবে লাল বলের ক্রিকেটে নতুন নতুন রেকর্ড তৈরি করলেও আজ পর্যন্ত সাদা বলের ক্রিকেট অর্থাৎ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের জায়গা করে উঠতে পারেননি এই ভারতীয়। তা নিয়ে একটা আফসোস রয়েছে যশস্বীর।


