প্রীতি পোদ্দার, কলকাতা: শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম থাকা সত্ত্বেও জীবনের লড়াইয়ে থেমে থাকেনি চুঁচুড়ার (Chinsurah) যুবক রাহুল। তাইতো সংসার চালানোর জন্য ছোট্ট একটি চায়ের দোকানই ছিল তাঁর শেষ অবলম্বন। কিন্তু কয়েকদিন আগে তাঁর দোকানে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, কঠোর পরিশ্রম করে যে দোকানের আয়ে নিজের জীবন চালাতেন, সেখান থেকেই টাকা-সহ একাধিক প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গিয়েছে। দিশেহারা হয়ে পড়ে রাহুল। এদিকে এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, হুগলির চুঁচুড়ার বাসিন্দা রাহুল শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। কিন্তু সংসারের হাল ধরতে একটি ছোট্ট চায়ের দোকান চালান তিনি। আর সেই উপার্জিত অর্থ দিয়ে সংসার চলে তাঁর। কিন্তু কয়েকদিন আগে তাঁর দোকানে চুরি হয়। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী দোকান থেকে নগদ টাকাসহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পালিয়ে যায়। আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন ‘Mother’s Smile.Tanmay। আর সেই ভিডিয়ো দেখে সাড়া দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যোগাযোগ করেন রাহুলের সঙ্গে এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
কী লিখলেন অগ্নিমিত্রা পাল?
মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আজ তাঁর ফেসবুক পোস্টে এই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন যে, “একটি ভিডিওর মাধ্যমে রাহুলের পরিস্থিতি সম্পর্কে জানতে পারি এবং তাঁর পাশে দাঁড়ানোর জন্য আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার উদ্যোগ নিই। রাহুলের মতো পরিশ্রমী ও প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়াতে পারা আমার কাছে সত্যিই আনন্দের ও তৃপ্তির। সাহায্য হয়তো ছোট, কিন্তু কারও কঠিন সময়ে পাশে থাকার অনুভূতিটাই সবচেয়ে বড়।”
আরও পড়ুন: বন্দুক ঠেকিয়ে চাকদহে মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণ, রেহাই পেল না শিশুকন্যারাও
মন্ত্রী এদিন রাহুলের আগামী দিনের লড়াই নিয়েও বেশ আশাবাদী। তিনি কামনা করেছেন যে, রাহুলের লড়াই যেন থেমে না যায় এবং নিজের পরিশ্রমের জোরেই তিনি যেন পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন। আর সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পুনরায় রাহুল তাঁর ইচ্ছা পূরণের দৌঁড়ে নেমেছেন। শুধু তাই নয়, জীবনে প্রতিকূলতা এলেও আত্মনির্ভর হওয়ার স্বপ্ন ধরে রেখেছেন রাহুল। আর তাঁর সেই লড়াইয়ের ঘটনাটি নতুন করে সকলের উদ্দেশ্যে মানবিকতার বার্তা দিল।


