সৌভিক মুখার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নাম এবং প্রতীক কার তা নিয়ে কমিশনে চলছে দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূলের দাবি, তারাই আসল। অন্যদিকে ঋতব্রতদেরও একই দাবি। বর্তমানে এই দুই গোষ্ঠীর মধ্যে চলমান বিবাদ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উভয় গোষ্ঠী শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে তাদের যুক্তি উপস্থাপন করে। জানা গিয়েছে, বিকাল ৪:০০ টায় এই মামলার শুনানি হবে। আর এই বিবাদের মধ্যেই বিদ্রোহী গোষ্ঠী দলের তহবিলের উপর দাবি জানিয়ে বসল।
তৃণমূলের নাম-প্রতীক নিয়ে ফের কোন্দল
এবারের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দুই ভাগে ভাগ হয় তৃণমূল কংগ্রেস। একদল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করে নতুন তৃণমূল, যেখানে ৬০-র বেশি বিধায়কের সমর্থন থাকায় তাদেরকেই বিরোধী হিসেবে ঘোষণা করে পশ্চিমবঙ্গ বিধানসভা। অন্যদিকে হাতেগোনা কয়েকজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পড়ে থাকেন কালীঘাট শিবিরে। তবে এদিন মমতা তৃণমূলের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, ডেরেক, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র নির্বাচন কমিশনে হাজির হন। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে আসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়।
জানা গিয়েছে, শুনানির জন্য শুক্রবার উভয় গোষ্ঠীকে তলব করা হয়েছে এবং কমিশন তাদের যুক্তি শুনবে ও পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সেক্ষেত্রে দলের মূল পরিচয়, নাম, প্রতীক এবং সংসদীয় স্বীকৃতি কারা পাবে তা নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এদিকে আবার বিদ্রোহী গোষ্ঠী দলীয় তহবিলের উপরেও নিজেদের দাবি জানিয়ে বসেছে। বর্তমানে কমিশনের সামনে দুটি বিকল্প খোলা। তারা কোনও একটি দলকে মূল দলের নাম এবং প্রতীক দিতে পারে। অথবা আপাতত উভয়কেই দূরে রেখে অন্তর্বর্তীকালীন পরিচয়ে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারে, যেমনটা উপনির্বাচনের সময় করা হয়েছিল।
আরও পড়ুন: দিঘায় চিড়িয়াখানা ও স্নেক পার্কের জন্য চিহ্নিত স্থান, পরিদর্শন সারল বন দফতর
বলাবাহুল্য, গত ১৭ সেপ্টেম্বর কমিশন উভয় গোষ্ঠীকেই তৃণমূলের নাম এবং প্রতীক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং ওই প্রতীক ফ্রিজ করে দেওয়া হয়। নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে আলাদা প্রতীক এবং নামে লড়তে হয় দুই শিবিরকে। মমতা গোষ্ঠীর নাম হয় মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ফুটবল পায়ে ফুটবল খেলোয়াড়ের ছবি হয় তাদের প্রতীক। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের নাম হয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রতীক হয় খাম। এখন দেখার, নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।


