সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি আর দেশের শেয়ারবাজারে পতনের জন্য শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার (Indian Rupee) দামে বিরাট পতন ঘটল। এদিন লেনদেন শেষে ডলারের বিপরীতে টাকা ৬০ পয়সা কমে ৯২.৯৮-তে গিয়ে দাঁড়াল। বিদেশি বিনিয়োগকারীদের পুঁজির যোগান অব্যাহত থাকলেও শক্তিশালী মার্কিন ডলারের চাপে টাকার এই দরপতন ঠেকানো সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
রেকর্ড পতন ভারতীয় রুপির
আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন টাকা ৯২.৪৪-র স্তরে খোলে। তবে দিনের এক পর্যায়ে এটি সর্বনিম্ন ৯৩.০১ পর্যন্ত গিয়ে থেমেছিল। শেষ পর্যন্ত আগের দিনের তুলনায় ৬০ পয়সা কমে ৯২.৯৮-তে বন্ধ হয়। এর আগে বৃহস্পতিবারও টাকা ১৮ পয়সা কমে ৯২.৩৮ স্তরে নেমেছিল। যদিও তার আগের দিন ৬৫ পয়সা বেড়ে চলতি অর্থবর্ষের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল ভারতীয় রুপি। তবে গত ৮ অক্টোবর টাকার সর্বকালীন সর্বনিম্ন দর ৯৬.১৮-র রেকর্ড পার করার পর বিগত ৭ মাসে প্রায় ৫ শতাংশ ঘুরে দাঁড়িয়ে এশিয়ার সেরা পারফর্মিং মুদ্রা হিসেবে উঠে এসেছিল ভারতীয় টাকা।
আসলে সৌদি আরবের আরামকোর স্থাপনায় হুতিদের হামলা আর হরমুজ প্রণালীতে জাহাজে বারবার হামলার খবর বিশ্ববাজারে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি করেছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর ফলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৬৪ শতাংশ বেড়ে আবার ব্যারেল প্রতি ৯৭.১৯ ডলারে পৌঁছেছে। তেলের দাম বাড়ার কারণে তেল আমদানিকারকদের মধ্যে ডলারের চাহিদাও বেড়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: সেট করে রাখা যাবে বার্তা, হোয়াটসঅ্যাপে চালু হল মেসেজ সিডিউল ফিচার
এছাড়া শুক্রবার শেয়ারবাজারেও বড় পতন দেখা যায়। সেনসেক্স ৯৮৯.৩৩ পয়েন্ট কমে ৮৩,৩৩৯.২৬ স্তরে এবং নিফটি ২৭৭.৩০ পয়েন্ট কমে ২৫,০৬৭.২০ স্তরে বন্ধ হয়। তাছাড়া বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের শক্তি পরিমাপকারী সূচক ০.১৬ শতাংশ বেড়ে ১০৩.৭৭-এ গিয়ে দাঁড়িয়েছে। আর মাসের শেষের দিকে ডলারের বাড়তি চাহিদাও টাকার উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এখন দেখার ভারতীয় রিজার্ভ ব্যাংকের পদক্ষেপে রুপি আবারও ঘুরে দাঁড়ায় কিনা।


