ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, প্রভাব পড়বে বাংলায়? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: এখনও ঢের দেরি জাঁকিয়ে ঠান্ডা পড়ার, তবে নভেম্বরের শেষে গোটা রাজ্যেই বেশ আরামদায়ক শীতের আমেজে মজেছে বঙ্গবাসী। আগামীকালও (Weather Tomorrow) ভোরের দিকে শীতের অনুভূতি বেশ ভালোই বজায় থাকবে। কিন্তু এসবের মাঝে ফের বড় দুর্যোগের আভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, নভেম্বরের একেবারে শেষে আবার একটি ঘূর্ণিঝড় দানা বাঁধতে চলেছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে সিস্টেম।

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি

হাওয়া অফিস জানিয়েছে, হালকা শীতের আমেজের মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে। পূর্বাভাস, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নাম রাখা হয়েছে ‘কানি’। আশঙ্কা করা হচ্ছে, আগামী ৪ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। তবে ওই ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোন দিকে থাকবে এবং পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব পড়বে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।

আজকের আবহাওয়া

আজ, শুক্রবার, সকাল থেকেই দক্ষিণবঙ্গে স্বস্তি দায়ক আবহাওয়া ছিল। আপাতত কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস নেই। মধ্যরাত থেকে শীতের তীব্রতা হালকা বাড়ছে। তার সঙ্গে ভোরের দিকে কুয়াশার দাপটও বেশ চোখে পড়ার মতো। তবে বেলা বাড়তেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা গিয়েছে। জানা গিয়েছে আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া বজায় থাকবে।

আরও পড়ুন: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল, পাশের হারে এগিয়ে কোন জেলা?

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাবে। তবে বেলা বাড়তেই রোদের আভা দেখা যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোর এবং রাতে শীতের আমেজ বেশ ভালোভাবেই বোঝা যাবে। রাতের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি অথবা সামান্য নীচে থাকবে। তবে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে দিনের বেলা রোদের তেজ থাকায় ঠান্ডার অনুভূতি কিছুটা কমবে। উত্তরেও বেশ বজায় থাকবে ঠান্ডা।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রাত ও ভোরের দিকে অনুভূত হবে শীত। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বেশ কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ঘোরাফেরা করবে। ফলে ভোর ও রাতের দিকে মনোরম ঠান্ডা বজায় থাকবে।

google button