স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার রাজ্যের

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: আদালতে স্বস্তি পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় দায়ের করা একটি পুরনো মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। তৃণমূলের আমলে দায়ের হয়েছিল এই মামলাটি। তবে এদিন কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফ থেকে মামলা প্রত্যাহার করার চূড়ান্ত রিপোর্ট জমা দেন রাজ্যের আইনজীবী। তার পরপরই বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস মামলাটি নিষ্পত্তি করেন।

আদালতে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী

রাজ্যে সরকারের পালাবদল হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে একাধিক আইনি জটিলতা। সাঁকরাইল থানায় দায়ের হওয়া ওই এফআইআর-কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত তৃণমূলের আমলে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু। সেই সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন মামলায় এফআইআর দায়ের করা হয়। সেই তালিকায় ছিল ২০২২ সালের সাঁকরাইল থানার ওই এফআইআর। এমনকি সেই মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে রক্ষাকবচের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

২০২৫ সালে সেই মামলায় বিস্তারিত শুনানি শেষে শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তীকালীন আইনি রক্ষাকবচ প্রদান করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিকে ২০২৬-র মে মাসে রাজ্যে পালাবদল ঘটে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এবার রাজ্যের তরফ থেকে জমা দেওয়া চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই সাঁকরাইল থানার ওই মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন শুভেন্দু। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আর এদিন শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল রিপোর্ট পেশ করা হয়।

আরও পড়ুন: রাজ্যে আরও ৪টি মেডিকেল কলেজ, অন্ডাল থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রিপোর্টে উল্লেখ করা ছিল, ২০২২ সালে সাঁকরাইল থানার মামলাটি রাজ্য সরকার প্রত্যাহার করে নিচ্ছে। তার পরপরই বিচারপতি ওই মামলা নিষ্পত্তি করেন। তবে রিপোর্টে আরও উল্লেখ করা হয় যে শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ মিলিয়ে মোট ৩২টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে ২০২৫-র অক্টোবর মাসে হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা ১৫টি এফআইআর খারিজ করে দিয়ে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল।

google button