বাংলার কৃষকরা ঝুঁকছেন ভিনদেশি রেড ড্রাগন পেয়ারায়, কীভাবে করবেন লাভজনক চাষ?

Published:

Guava Cultivation

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের ফল চাষিদের মধ্যে ভিনদেশি, রঙিন ও আকর্ষণীয় জাতের পেয়ারা চাষের (Guava Cultivation) প্রতি আগ্রহ বাড়ছে। সাধারণ প্রচলিত সাদা শাঁসযুক্ত পেয়ারার পাশাপাশি লাল বা গোলাপি শাঁসের পেয়ারার জাতগুলোও বাজারে বেশ নজর কাড়ছে। উল্লেখযোগ্যভাবে, থাইল্যান্ডের ‘রেড ড্রাগন’ (Red Dragon) ও ‘রেড কিং’ (Red King) পেয়ারার চাষ ব্যাপকভাবে শুরু হয়েছে রাজ্যে। 

ভিনদেশি বিশেষ জাতের পেয়ারাগুলির বিশেষত্ব

পাকা রেড ড্রাগন পেয়ারার বাইরের দিকেও লালচে আভা বা ছোপ ছোপ দাগ দেখা যায়, আর এর ভেতরের অংশটি লাল বা গাঢ় গোলাপি রঙের হয়। এর অভিনব রঙ ও গঠন একে প্রিমিয়াম ফলের বাজারের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প করে তুলেছে। অন্যদিকে, রেড কিং জাতের পেয়ারা আকারে বেশ বড় হয়, এগুলোর শাঁসও গোলাপি-লাল বা লাল রঙের হয়ে থাকে। তার সাথে ফলগুলো স্বাদে অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। কৃষিক্ষেত্রে এটি বর্তমানে একটি লাভজনক ফসল। 

গ্রীষ্মমণ্ডলীয় ও উপ-গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে এই প্রজাতির পেয়ারাগুলোর ফলন ভালো হয়। ৪.৫ থেকে ৮.২ পিএইচ (pH) মাত্রার, ভালোভাবে নিষ্কাশিত দোআঁশ বা পলি-দোআঁশ মাটি এই পেয়ারা চাষের জন্য আদর্শ। পেয়ারা গাছের গোড়ায় জল আটকে থাকা গাছগুলোর জন্য ক্ষতিকারক, তাই এমন জমি নির্বাচন করা জরুরি যেখানে বৃষ্টির জল জমে থাকে না। 

আরও পড়ুন: সহজ পদ্ধতিতে টবেই করুন ডালিয়ার চাষ, শীতের শুরুতেই বাগান ভরে উঠবে রঙবেরঙের ফুলে

কীভাবে হয় এই বিশেষ জাতের পেয়ারা চাষ?

এই বিশেষ প্রজাতির পেয়ারা চাষ করতে চাইলে প্রথমেই নার্সারি থেকে চারা সংগ্রহের সময় ভালোভাবে দেখে নিতে হবে সেগুলো রোগমুক্ত কি না। চারা রোপণের সময় গর্তে ভালোভাবে পচা গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। এরপর মাটির পরীক্ষা করে ও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সুষম সার প্রয়োগ করতে হবে। নিয়মিত হালকা সেচের ব্যবস্থা রাখতে হবে, তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না, কারণ এতে গাছের শিকড় পচে যেতে পারে।

গাছের কাঠামো ঠিক রাখতে হালকা ছাঁটাই করা জরুরি, গাছের বৃদ্ধির জন্য শুকনো ডালপালা কেটে ফেলা ভালো। অতিরিক্ত ফল কমিয়ে ফেললে অবশিষ্ট ফলগুলোর আকার ও গুণমান উন্নত হয়। পোকামাকড় ও পাখির হাত থেকে ফল রক্ষা করতে ‘ফ্রুট ব্যাগিং’ পদ্ধতি বা নেট ব্যবহার করা যেতে পারে।

নতুন ও রঙিন ফলের চাহিদা বাড়লেও মনে রাখতে হবে, পাকা পেয়ারা খুব সহজেই আঘাতপ্রাপ্ত হয় বা থেঁতলে যেতে পারে, তাই পরিবহনের সময় ক্রেট ও নরম কুশনিং উপাদান ব্যবহার করা ভালো। বড় পরিসরে পেয়ারা চাষ শুরু করার আগে স্থানীয় মাটি ও জলবায়ুতে গাছগুলোতে কেমন ফলন হয়, তা দেখার জন্য ছোট আকারে পরীক্ষামূলক চাষ করে দেখতে পারেন।

google button