প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান! পরীক্ষা শেষের ৪৪ দিন পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, শুক্রবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল (WBCHSE 3rd Semester Result) ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, এই সেমিস্টারে ৯২.৫৮ শতাংশ ছাত্র পাশ করেছে। অন্যদিকে ছাত্রীর পাশের হার ৯২.৬৬ শতাংশ। মোট পাশের হার ৯২.৬২ শতাংশ। তবে পাশের হারে প্রথম পাঁচে নেই কলকাতা। উল্টে সকলকে টপকে এগিয়ে এসেছে নদিয়া।
প্রথম পাঁচে নেই কলকাতা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, শুক্রবার, সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে মোট পাশের হার ৯২.৬২ শতাংশে গিয়ে পৌঁছেছে। কিন্তু সেই পাশের হারে প্রথম পাঁচে জায়গা দখল করতে পারেনি কলকাতা। সংসদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে নদিয়া, সেখানে পাশের হার ৯৫.৫৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ৯৫.০৯ শতাংশ, তৃতীয় স্থানে রয়েছে হাওড়া ৯৫.০৮ শতাংশ, চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ৯৫.০৭ শতাংশ এবং পঞ্চম স্থানে রয়েছে হুগলি ৯৪.৬১ শতাংশ।
বিষয়ের ভিত্তিতে এগিয়ে বিজ্ঞান বিভাগ
কলকাতার অবস্থান রয়েছে আট নম্বরে। সেখানে পাশের হার ৯৩.৪৫ শতাংশ। অন্যদিকে, বিষয়ের ক্ষেত্রে পাশের হারের মধ্যে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। জানা গিয়েছে, বিজ্ঞানে পাশের হার ৯৮ শতাংশ, কমার্সে পাশের হার ৯৮.১১ শতাংশ, কলা বিভাগে পাশের হার ৯১ শতাংশ। তবে এবার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের কোনও মেধাতালিকা প্রকাশিত হয়নি। বৈঠকে সংসদ সভাপতি অসিত কুমার মণ্ডল জানিয়েছেন যে, “এবার মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না। পরবর্তী সেমেস্টারের ফল প্রকাশের সময় রাজ্যব্যাপী মেধাতালিকা প্রকাশ করা হবে।”
আরও পড়ুন: চায়ের দোকানে চুরি, প্রতিবন্ধী রাহুলকে নতুন করে বাঁচার সাহস জোগালেন মন্ত্রী অগ্নিমিত্রা
সংসদের তরফে আরও জানানো হয়েছে যে, আলাদা করে তৃতীয় সেমেস্টারের মার্কসিট বিতরণ করা হবে না। বরং তৃতীয় ও চতুর্থ সেমের রেজাল্ট মিলিয়ে মার্কসিট দেওয়া হবে। সূত্রের খবর, ৬০ শতাংশের বেশি পেয়েছে ৪৫ শতাংশ ছাত্রছাত্রী, ৭৫ শতাংশের বেশি পেয়েছে ১৫.৫৫ শতাংশ ছাত্রছাত্রী এবং ৯০ শতাংশের বেশি পেয়েছ ১.৪৮ শতাংশ ছাত্রছাত্রী। ফল জানতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট https://result.wb.gov.in-এ যেতে হবে। প্রথমে সাইটে ঢুকে পরীক্ষার্থীদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে। এরপরই দেখা যাবে নম্বর।


