সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের (School Teacher) জন্য এবার বিরাট সিদ্ধান্ত নিল সরকার। বিকাশ ভবনের তরফ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ করে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের অবাধ গতিবিধির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করার জন্যই এবার তৎপর স্কুল শিক্ষা দপ্তর। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে শিক্ষক এবং শিক্ষা কর্মীরা কোনও কাজে দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইলে তার আগাম অনুমতি নিতে হবে। এমনকি দপ্তর ছেড়ে তারা বেরোতে পারবেন না।
শিক্ষক-শিক্ষিকাদের জন্য জারি হল বিশেষ নির্দেশিকা
বিকাশ ভবনের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোনও কারণ ছাড়া এবার থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীরা আর স্কুল ছেড়ে দপ্তরে আসতে পারবেন না। অনুমতি ছাড়া আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারবেন না তারা। এমনকি নিরাপত্তা রক্ষীদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সরকারি নথির গোপনীয়তা, দপ্তরের শৃঙ্খলা বজায় রাখতেই এবার এই সিদ্ধান্ত। এছাড়া অকারণে শিক্ষকদের ভিড় আটকাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, “আমরা কাউকেই আটকাতে চাই না। তবে বৈধ কারণ থাকলে শিক্ষকরা নিশ্চয়ই সেখানে আসবেন। অবাস্তব কারণে প্রচুর ভিড় হচ্ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারি কাজে সামঞ্জস্যতা বজায় থাকবে।” তবে এ নিয়ে দ্বিমত রয়েছে একাংশের। বিশেষ করে শিক্ষক সংগঠন সরকারের এই সিদ্ধান্তকে বিরোধিতা করে জানিয়েছেন যে পেশাগত দাবিসহ বদলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিকাশ ভবনে আসতে হতো। তবে এবার সেই পথ বন্ধ করছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন: চায়ের দোকানে চুরি, প্রতিবন্ধী রাহুলকে নতুন করে বাঁচার সাহস জোগালেন মন্ত্রী অগ্নিমিত্রা
এক শিক্ষকের কথায়, “কোনও আধিকারিকের কাছে যেতে হলে এবার থেকে আগাম অনুমতি নিতে হবে। বিভিন্ন দরকারে শিক্ষকদের শিক্ষা দপ্তরে যাওয়ার প্রয়োজন পড়ত। তবে এর জন্য প্রয়োজনে তারা পরিচয় যাচাই করুক। কিন্তু তা না করে শিক্ষকদের প্রবেশ একেবারে বন্ধ করে দিচ্ছে। এতে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আগামী দিনগুলিতে প্রচুর সমস্যায় পড়তে পারেন। সরকারের এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা প্রয়োজন।”


