বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান নিয়ে বিতর্কের মাঝেই এবার বিরাট সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। হায়দরাবাদে অনুষ্ঠিত ভারত সামিট 2026-এ উঠেছিল এই স্লোগান। স্লোগানটি দিয়েছিলেন ইতালির রাজনীতিক জিয়াকোমো ফিলিবেক। সেই স্লোগানের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার আবেদন জানানো হলেও সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি আপরেশ কুমার সিংয়ের বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ভিডিও মুছে ফেলার সিদ্ধান্তে একমত নয় সুপ্রিম কোর্ট!
গত 13 এবং 14 নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হয়ে যাওয়া ভারত সামিটে বক্তব্য রাখার সময় ইউরোপীয় সমাজতন্ত্রী দলের মহাসচিব তথা জেনারেল সেক্রেটারি ফিলিবেক ভোট চোর, গদ্দি ছোড় স্লোগানটি দিয়েছিলেন। সাধারণত এই স্লোগান বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী ব্যবহার করেন নিজের প্রচারে। ফলে ইতালির রাজনীতিকের গলায় এমন স্লোগানে স্বাভাবিকভাবেই বেড়েছিল রাজনৈতিক উত্তাপ।
সরকারবিরোধী আচরণের অভিযোগ তুলে ওই রাজনীতিকের স্লোগানের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন জাহিদ আলি নামক এক আবেদনকারী। অ্যাডভোকেট-অন-রেকর্ড (AoR) পুলকিত আগরওয়ালের মাধ্যমে শীর্ষ আদালতে এই আবেদন রেখেছিলেন তিনি। পরে আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী সৈয়দ রিজওয়ান আহমেদ।
আরও পড়ুন: মহাকাশে পাকিস্তানি মহাকাশচারীর জন্য ‘গরুর মাংস’, হালাল খাবার পাঠাল চিন
ওই আবেদনকারীরকে সুপ্রিম কোর্ট বলে, তিনি কেন হঠাৎ শীর্ষ আদালতের দারস্ত হলেন? আদালতের প্রশ্ন ছিল, “আপনি একটি অভিযোগ দায়ের করতে পারতেন। কিন্তু এসব না করে অনুচ্ছেদ 32 এর অধীনে কেন সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করলেন?” এমন প্রশ্নের উত্তরে আবেদনকারীর আইনজীবী জানান, তাঁরা কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা চান না, বরং বিদেশি নাগরিকরা যেন দেশের মাটিতে দাঁড়িয়ে এ ধরনের অনুষ্ঠানে এমন মন্তব্য না করেন সেটাই নিশ্চিত করতে চান। আবেদনকারীর অনুরোধ ছিল, সুপ্রিম কোর্ট যেন গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং জিয়াকোমো ফিলিবেকের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়। তবে আবেদনকারীর সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।


