বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ পাল্টি মারল রাশিয়া (Russia)! বহু পুরনো বন্ধু ভারতকে (India) একপাশে সরিয়ে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে মস্কো। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পশ্চিমের দেশকে ইতিমধ্যেই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সামরিক সাহায্য দেওয়ার কথাও প্রকাশ্যে ঘোষণা করেছে রাশিয়া। তাতে যথেষ্ট চিন্তা বেড়েছে ভারতের। এদিকে ভ্লাদিমির পুতিনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন অভিজ্ঞ কূটনীতিবিদরা।
ভারতকে সাইডে সরিয়ে পাকিস্তানের পাশে দাঁড়াল রাশিয়া!
রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে নতুন সম্পর্কের গভীরতা নিয়ে ইতিমধ্যেই প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদ সংস্থা তাস। সেখানে দাবি করা হয়েছে, আগামী দিনে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক দিক নির্ণয় যোগাযোগ, পৃথিবীর রিমোট সেন্সিং, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ভাগাভাগি থেকে শুরু করে মহাকাশচারীর অন্তরীক্ষে যাত্রার ক্ষেত্রেও পাকিস্তানকে সহযোগিতা করবে ক্রেমলিন।
গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রুশ-পাক বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের সহ-সভাপতি সের্গেই সিভিলিওভ। তিনি আবার রাশিয়ার জ্বালানিমন্ত্রীও বটে। তাঁর বক্তব্য, “মহাকাশে রাশিয়া অন্যতম বড় শক্তি। অন্তরীক্ষে অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের দক্ষতা রয়েছে। আর এই ক্ষেত্রে পাকিস্তানের সাথে সহযোগিতা বৃদ্ধিতে আমাদের কোনও সমস্যা নেই।”
বলাই বাহুল্য, সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া-পাকিস্তান আন্তসরকারি কমিশনের একাদশ বৈঠক। সেখানে অংশ নিয়েছিলেন পুতিনের মন্ত্রী সের্গেই সিভিলিওভ সহ পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রীরাও। এদিন বৈঠক শেষ হওয়ার পর পাকিস্তানের সাথে মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার কথা একেবারে স্পষ্ট করে জানান রাশিয়ার ওই মন্ত্রী। তবে দুই দেশের মধ্যে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কিনা সেই তথ্য প্রকাশ্যে আসেনি।
বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে কৃত্রিম উপগ্রহের সংখ্যায় বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। পৃথিবীর কক্ষপথে তাঁদের উপগ্রহের সংখ্যা 372টি। এর পাশাপাশি সামগ্রিক উপগ্রহ ব্যবহার করেও গুপ্তচরবৃত্তি বা শত্রুর উপর নজরদারি চালায় মস্কো। বিশ্লেষক মহলের একাংশ বলছেন, যুদ্ধের সময় রাশিয়ার তিন ধরনের উপগ্রহ ভিত্তিক সহযোগিতা পেতে পারে পাকিস্তান। মূলত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে দিক নির্ণয়ের ক্ষেত্রে সাহায্য করে গ্লোনাস। আর এই ব্যবস্থা হাতে পেলে ভারতের সামরিক ঘাঁটিগুলিকে সহজে নিশানা করতে পারবে পাকিস্তান!
আরও পড়ুন: ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগানের ভিডিও ডিলিটের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, এমনিতেই ভারতের বিরুদ্ধে নানাভাবে পাকিস্তানকে সাহায্য করে চিন। বর্তমানে ড্রাগনের সাহায্য নিয়েই অন্তরীক্ষে একের পর এক উপগ্রহ পাঠাচ্ছে ইসলামাবাদ। সেক্ষেত্রে এবার রাশিয়ার উপগ্রহভিত্তিক সহযোগিতা পেলে সেই সাহায্যকে কাজে লাগিয়ে মহাকাশে আরও উন্নত এবং অত্যাধুনিক উপগ্রহ পাঠাবে পাকিস্তান। এর ফলে ভারতের গোপন খবর খুব সহজেই হাতে চলে যাবে পাকিস্তানের। তাছাড়াও রাশিয়া গুপ্তচর তথ্য পাকিস্তানের সাথে ভাগাভাগি করলে তা ভারতের জন্য বড়সড় বিপদ ডেকে আনতে পারে সে কথা বলাই যায়! কারণ, চিনের বিভিন্ন উপগ্রহ বর্তমানে ভারতের উপর নজরদারি চালাচ্ছে। এই ড্রাগনই অপারেশন সিঁদুরের সময় ভারত সম্পর্কিত বিভিন্ন তথ্য পাকিস্তানকে হস্তান্তর করেছিল। সবমিলিয়ে, রাশিয়ার এক পদক্ষেপে বেজায় সমস্যায় নয়া দিল্লি!


