না ফেরার দেশে চলে গেলেন ব্রাজিলের ‘কাপজয়ী স্ট্রাইকার’

Published:

Brazilian Footballer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জুয়ারি (Brazil)। মৃত্যুকালে বয়স হয়েছিল 67 বছর। নিজের দেশ ব্রাজিলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 1987 সালে পোর্তোর হয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিলেন তিনি। নিজের ফুটবল জীবনে অসংখ্য কীর্তি গড়েছিলেন এই প্রাক্তন ফুটবলার। হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন ব্রাজিলের জাতীয় দলেও। ব্রাজিল ফুটবলের সেই স্টার হারিয়ে গেলেন তারাদের দেশে।

আর ফিরবেন না প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার

নিজের ফুটবল জীবনে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন জুয়ারি। 1980 সালে মেক্সিকান ক্লাব টেকোস থেকে ইতালির আভেলিনোতে যোগ দেন তিনি। দুই বছরের মধ্যেই 1982 সালে ইন্টার মিলানে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে এই ক্লাবের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। খুব একটা সুখের সময় কাটেনি জুয়ারির। 1982-83 মরসুমে ইন্টারের হয়ে 21 ম্যাচে মাত্র দুটি গোল করেছিলেন এই প্রাক্তন ফুটবলার।

1985 সালে অনেক আশা নিয়ে পোর্তোতে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান স্টার। সেখান থেকেই নিজের ক্লাব ফুটবল জীবনের গৌরব ফিরে পেয়েছিলেন তিনি। প্রাক্তন ব্রাজিলিয়ান স্ট্রাইকার 1985 সাল থেকে 1988 পর্যন্ত এই ক্লাবের হয়েই নিজের দক্ষতা দেখিয়েছিলেন, হয়ে উঠেছিলেন ভক্তদের নয়নের মণি। 1987 সালে ভিয়েনায় ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে 2-1 ব্যবধানেই জিতেছিল পোর্তো। সেই ম্যাচে জয়সূচক গোলটা করেছিলেন জুয়ারি।

আরও পড়ুন: অধিনায়কত্ব ফিরে পেলেন রোহিত শর্মা, বড় খবর

তবে জাতীয় দলের হয়েও নিজের ফুটবল প্রতিভা দেখিয়েছিলেন তিনি। ব্রাজিল ফুটবল দলের হয়ে খেলেছিলেন মাত্র দুটি ম্যাচ। নিজের শেষ ম্যাচটি অবশ্য খেলেছিলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার নিজের ক্লাব ফুটবল জীবনে খেলেছিলেন সান্তোস, আভেলিনো, ইন্টার মিলান, আসকোলি, ক্রেমোনেসে ও পোর্তোর মতো দলে। যদিও ফুটবলার হিসেবে নিজের কেরিয়ার শেষ করে কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ফিরে গিয়েছিলেন ইতালিতে। এহেন একজন নিজের ফুটবল জীবনে 144টি গোল করে না ফেরার দেশে চলে যাওয়ায় শোক নেমেছে ব্রাজিলীয় ফুটবলে।

google button