ট্রেনের মধ্যেই প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে পুজো ব্যক্তির! ভাইরাল ভিডিও

Published:

Viral Video

অনন্যা সরকার, কলকাতা: চলন্ত ট্রেনের এসি কোচ হয়ে উঠেছে আস্ত মন্দির। আর সেই মন্দিরেই চলছে পূজা-অর্চনা। ট্রেনের মধ্যে ধর্মীয় আচার পালন ও শঙ্খ বাজানোর একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভাইরাল ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে যে, ট্রেনের জানালার পাশের আসনে থাকা একটি ফোল্ডেবল ট্রে, যা সাধারণত খাবার খাওয়ার জন্য ব্যবহৃত হওয়ার, সেটির ওপর পুজোর সামগ্রী সাজিয়ে এক ব্যক্তি পূজা করছেন। ট্রে-টির ওপর সাজানো রয়েছে দেবদেবীর ছবি, ফুল, একটি শঙ্খ, একটি পাত্র ও জ্বলন্ত প্রদীপ। কপাল ও শরীরে ছাই মাখা এবং কালো ধুতি পরিহিত ওই ব্যক্তি গভীর ভক্তিভরে প্রদীপ ঘোরাচ্ছেন ও শঙ্খ বাজাচ্ছেন।

ট্রেনে পূজো করার ভিডিও ভাইরাল

সাধারণত এই ধরনের ট্রে চা, জলখাবার, ল্যাপটপ বা জলের বোতল রাখার জন্য ব্যবহৃত হলেও, চলন্ত ট্রেনে সেটিকে পূজার বেদি বানিয়ে আরতি করার বিষয়টি পুরো দৃশ্যটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। চলন্ত ট্রেন ও জানালার বাইরে দেখতে পাওয়া সবুজ প্রাকৃতিক দৃশ্যের পটভূমিতে ঘটা এই ভক্তিপূর্ণ মুহূর্তটি অনেকটা সিনেমার দৃশ্যের মতো মনে হলেও, এটি সমাজ মাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে।

ঘটনাটি দেখে অনেকেই বলছেন, কোনো কিছুর তোয়াক্কা না করে ঈশ্বর ভক্তি – ওই ব্যক্তির গভীর বিশ্বাস ও মুক্ত মনের পরিচায়ক। তবে, চলন্ত ট্রেনের মধ্যে এভাবে আগুন জ্বালানো এবং শঙ্খ বাজানোর বিষয়টি অন্য যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে, ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে মজার ছলে নিলেও, কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বন্দে ভারত এক্সপ্রেস-সহ দেশের সব ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে রেল, যোগ্যতা কী?

একজন নেট নাগরিক মন্তব্য করেছেন যে, ওই ব্যক্তি ট্রেনের খাবার রাখার ট্রে-টিকে মন্দিরে পরিণত করেছেন, ভ্রমণের মাঝে যেন এক বিশুদ্ধ ভক্তির বহিঃপ্রকাশ ঘটছে। আবার অন্য একজন লিখেছেন, বিশ্বাস এক জিনিস, কিন্তু চলন্ত ট্রেনে জ্বলন্ত প্রদীপ আর শাঁখের শব্দে অন্য যাত্রীদের কী অবস্থা হয়েছিল, তা সহজেই অনুমেয়। তৃতীয় একজন ইউজার কমেন্ট বক্সে লেখেন, প্রতিদিন ইন্টারনেট আমাদের এমন সব ভিডিও উপহার দেয়, যা ভ্রমণের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেয়। এটি সত্যিই এক অসাধারণ দৃশ্য। ভিডিওটি এবং এর স্ক্রিনশটগুলো ক্রমাগত ভাইরাল হওয়ার সাথে সাথে, ঘটনাটি অনলাইনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

google button