সেট করে রাখা যাবে বার্তা, হোয়াটসঅ্যাপে চালু হল মেসেজ সিডিউল ফিচার

Published:

WhatsApp

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে ব্যবহৃত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) তাদের ব্যবহারকারীদের জন্য এবার বহু প্রতীক্ষিত মেসেজ সিডিউলিং ফিচার চালু করল। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে ব্যক্তিগত বা গ্রুপ–উভয় ধরনের চ্যাটে নির্দিষ্ট সময়ের জন্য মেসেজ সিডিউল করে রাখতে পারবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড–উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জানিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপে চালু হল মেসেজ সিডিউলিং ফিচার

আসলে ব্যবহারকারীরা কোনও মেসেজ টাইপ করার পর সেন্ড বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখলে পছন্দের তারিখ বা সময় বেছে নেওয়ার অপশন পাবেন এবার থেকে। এর মাধ্যমে ন্যূনতম ১০ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১৪ দিন আগে পর্যন্ত মেসেজ সিডিউল করে রাখা যাবে। এমনকি শুধু টেক্সট মেসেজ নয়, বরং এই ফিচারের মাধ্যমে ছবি বা ভিডিও সিডিউল করেও পাঠানো যাবে। নির্ধারিত সময়ে মেসেজটি প্রাপকের কাছে সাধারণ মেসেজের মতোই পৌঁছবে। এর পাশাপাশি ব্যবহারকারীরা তাদের সিডিউল করা সব মেসেজের তালিকা দেখতে পাবেন এবং প্রয়োজনে তা ডিলিট করতে পারবেন।

তবে এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হল, নির্ধারিত সময়ে যদি ব্যবহারকারীর ফোন বন্ধ থাকে বা ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলেও সিডিউল করা মেসেজটি ঠিক সময়েই প্রাপকের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের অন্যান্য বার্তার মতো সিডিউল করা মেসেজগুলি সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে। যার ফলে তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে কোনও রকম চিন্তার কারণ থাকবে না।

আরও পড়ুন: ১৮৫ টাকা থেকে শুরু, TRAI-র নির্দেশে সাশ্রয়ী প্ল্যান চালু করল Airtel

এবার আসি এই ফিচার কাদের জন্য গুরুত্বপূর্ণ তা নিয়ে। আসলে জন্মদিনের শুভেচ্ছা জানানো বা গুরুত্বপূর্ণ কোনও রিমাইন্ডার সঠিক সময়ে পাঠাতে যারা ভুলে যান, তাদের জন্য এই ফিচারটি হতে পারে দারুণ কার্যকর। এছাড়া বিভিন্ন টাইম জোনে থাকা আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করতে বা ব্যবসায়িক কাজে ক্লায়েন্ট কিংবা কর্মীদের নিয়মিত আপডেট ও রিমাইন্ডার পাঠানোর জন্য এটি হতে পারে আকর্ষণীয় ফিচার। টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপগুলিতে এই সুবিধা আগে থেকে থাকলেও হোয়াটসঅ্যাপের প্রায় ৩০০ কোটি ব্যবহারকারীর বিশাল নেটওয়ার্কে এতদিন এই সুবিধা ছিল না। তবে এতে ব্যবহারকারীরা যে প্রচুর উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না।

google button