শীতকালে হাত, পা এবং মুখের ফাটা দূর করার কিছু সহজ ঘরোয়া উপায়

Published:

skin care

আনিষা চৌধুরী, কলকাতা: শীতকাল (Winter) পড়লেই ত্বকের নানা সমস্যা বাড়তে শুরু করে। ঠান্ডা আবহাওয়া এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ার কারণে হাত-পায়ের চামড়া উঠতে থাকে, গোড়ালি ফেটে যায়। অন্যদিকে মুখের ত্বকও শুষ্ক হয়ে পড়ে, কখনও দেখা দেয় চুলকানি, জ্বালাভাব কিংবা টান ধরার মতো সমস্যা। ফলে ত্বকের স্বাভাবিক কোমলতা হারিয়ে যায়। তবে প্রতিদিনের পরিচর্যায় (Skin Care) কয়েকটি সহজ ঘরোয়া উপায় মেনে চললে এই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জেনে নিন মুখ, হাত ও পায়ের যত্ন নেওয়ার ছয়টি সহজ পদ্ধতি।

মুখের যত্নে

১. ময়েশ্চারাইজার ব্যবহার করুন: শীতকালে মুখের ত্বক শুষ্ক হয়ে যায়। তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এই পদ্ধতি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে ঘন ক্রিমজাতীয় ময়েশ্চারাইজার বেশি উপকারী হতে পারে।

২. মুখ পরিষ্কারে ব্যবহার করুন মাইল্ড ক্লেনজার: শীতকালে মুখ ধোয়ার জন্য অতিরিক্ত কড়া সাবান বা সুগন্ধিযুক্ত প্রসাধনী ব্যবহার করবেন না। তার বদলে মাইল্ড ও সুগন্ধিবিহীন ক্লেনজার ব্যবহার করুন। মুখ ধোয়ার সময় খুব গরম জল এড়িয়ে চলুন। পাশাপাশি বাইরে বেরোনোর আগে এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

হাতের যত্নে

৩. হাত ধোয়ার পর ক্রিম লাগান: শীতকালে বারবার হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহারের ফলে হাতের স্বাভাবিক আর্দ্রতা কমে যেতে পারে। তাই প্রতিবার হাত ধোয়ার পর ভালো করে মুছে ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম লাগান। গ্লিসারিন বা পেট্রোলাটামযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। এতে হাতের রুক্ষভাব ও শুষ্কতা কমাতে সাহায্য করবে।

৪. রাতে হাতে ভ্যাসলিন লাগিয়ে ঘুমোন: হাতের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে রাতে ঘুমোনোর আগে হাতে সামান্য ভ্যাসলিন লাগাতে পারেন। বিশেষ করে আঙুলের গাঁট ও নখের চারপাশে ভালো করে লাগান। চাইলে পরিষ্কার সুতির গ্লাভস পরে ঘুমোতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

পায়ের যত্নে

৫. গোড়ালিতে ভ্যাসলিন ব্যবহার করুন: শীতকালে গোড়ালি ফাটার সমস্যা অনেকেরই দেখা যায়। এই সমস্যা কমাতে রাতে ঘুমোনোর আগে পা পরিষ্কার করে শুকিয়ে নিন। তারপর ফাটা গোড়ালিতে ভালো করে ভ্যাসলিন লাগান। নিয়মিত এই অভ্যাস পায়ের ত্বক নরম রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

৬. সুতির মোজা পরে ঘুমোন: পায়ের শুষ্কতা ও গোড়ালি ফাটার সমস্যা এড়াতে রাতে ভ্যাসলিন লাগানোর পর পরিষ্কার সুতির মোজা পরে ঘুমোতে পারেন। এতে গোড়ালিতে লাগানো ভ্যাসলিন সহজে উঠে যাবে না এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। পাশাপাশি দিনের বেলাতেও আরামদায়ক ও গোড়ালি ঢাকা জুতো ব্যবহার করার চেষ্টা করুন।

আরও পড়ুন: মাথার খুশকি দূর করার সহজ ঘরোয়া উপায়

শীতকালে ত্বকের যত্ন নিতে দামি প্রসাধনীর প্রয়োজন নেই, বরং নিয়মিত কিছু সাধারণ অভ্যাসই অনেকটা সাহায্য করতে পারে। তবে ত্বকে অতিরিক্ত জ্বালা, চুলকানি, গভীর ফাটল বা রক্তপাত হলে শুধু ঘরোয়া উপায়ের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

google button