শীত পড়তেই উইন্ডশিল্ডে কুয়াশা জমছে? এই টিপসগুলো মানলেই নিরাপদ হবে যাত্রা

Published:

Foggy Windshield

অনন্যা সরকার, কলকাতা: শীতকালে ভোর বা রাতের দিকে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। তাপমাত্রার পারদ নামার সাথে সাথে গাড়ির উইন্ডশিল্ডে কুয়াশা জমতে শুরু করে (Foggy Windshield), যার ফলে সামনের রাস্তা বা অন্যান্য যানবাহন ঠিকমতো দেখা যায় না। এরকম পরিস্থিতিতে সামান্য অসাবধানতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বারবার কাপড় দিয়ে কাঁচ মুছে ফেলা একমাত্র সমাধান নয়, কিছু বিশেষ সুবিধা ও সহজ পদক্ষেপের মাধ্যমে এই সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। কীভাবে উইন্ডশিল্ডের কুয়াশা দূর করবেন, আসুন জেনে নেওয়া যাক। 

ভেন্টিলেশন ও ডিফ্রস্ট পদ্ধতির ব্যবহার

উইন্ডশিল্ডে কুয়াশা জমলে গাড়ির হিটার চালু করুন এবং বাতাসের প্রবাহ কাঁচের দিকে ঘুরিয়ে দিন। গরম বাতাস ধীরে ধীরে কুয়াশা দূর করে দেবে। গাড়ির ‘ডিফ্রস্ট’ ফিচারটি এক্ষেত্রে অত্যন্ত কার্যকর হতে পারে। এটি বাইরে থেকে আসা হাওয়ার সাথে গরম হাওয়া মিশিয়ে সরাসরি উইন্ডশিল্ডের ওপর প্রবাহিত করে। এতে কাঁচের ভেতরের ও বাইরের তাপমাত্রার পার্থক্য কমে যায়, ফলে কুয়াশা জমতে পারে না।

গাড়ির ভেতরের আর্দ্রতা কমানো

গাড়ির ভেতরে আর্দ্রতা বেড়ে গিয়েই কাঁচের ওপর কুয়াশা জমতে শুরু করে। গাড়ির জানালা সামান্য খোলা রাখলে ভেতরে টাটকা হাওয়া প্রবেশ করতে পারে, যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও আর্দ্রতা কমিয়ে দেয়। এছাড়া, ড্যাশবোর্ডের ওপর সিলিকা জেলের প্যাকেট রেখে দিলেও তা বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে সাহায্য করে। এছাড়া, উইন্ডশিল্ডের ওপর সামান্য শেভিং ক্রিম লাগিয়ে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেললে কাঁচের ওপর একটি পাতলা সুরক্ষামূলক স্তর তৈরি হয়, যা কুয়াশা জমতে দেয় না।

আরও পড়ুন: ক্লিনিং কিউব দিয়ে দূর করুন জেদি দাগ, জেনে নিন বাড়িতে বানানোর সহজ পদ্ধতি

উল্লেখ্য, শীতকালে কুয়াশা এবং আলো কম থাকার কারণে রাস্তায় দৃশ্যমানতা কমে যায়। তাই গাড়ি চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে রাখুন,  এটি আপনাকে রাস্তা দেখতে সাহায্য করবে এবং অন্য চালকদের কাছে আপনার গাড়িটিকে দৃশ্যমান করে তুলবে। আবহাওয়া ও রাস্তার অবস্থা অনুযায়ী গাড়ির গতি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এই ছোট ছোট সতর্কতাগুলো মেনে চললে শীতকালে গাড়িতে ভ্রমণ করা অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে।

google button