প্রীতি পোদ্দার, কলকাতা: শীতকাল (Winter) পড়তে না পড়তেই বাজারে হরেকরকমের সবজি নজরে আসে, যার মধ্যে অন্যতম হল গাজর। এই কমলা সবজি দিয়ে আমরা একসময় যেমন গাজরের হালুয়া খেয়েছি ঠিক তেমনই আবার গাজরের তরকারি খেয়েছি। কিন্তু কোনোদিন কি গাজরের পরোটা (Gazarer Paratha) খেয়েছেন? তাহলে চলুন এই শীতের মরশুমে (Winter Breakfast Recipe) আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে শিখে নেওয়া যাক কীভাবে এই পরোটা বানাতে হয়।
উপকরণ
গাজরের পরোটা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল -৩টি লম্বা গাজর, নুন, আমচুর পাউডার, জিরে গুঁড়ো, জোয়ান, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, ভাজা মশলা, ২ কাপ আটা, ঘি।
রান্নার পদ্ধতি
- প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর গ্যাসে একটি শুকনো কড়াই নিয়ে কুচি করে কেটে রাখা গাজর গুলো দিয়ে দিতে হবে। আর তাতে এক চা চামচ নুন দিয়ে দিতে হবে।
- গাজরটিকে একদম কম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। ৭-৮ মিনিট পর দেখা যাবে গাজর থেকে আস্তে আস্তে জল বেরোচ্ছে। এরপরই গ্যাসের ফ্লেম মাঝারি করে নিতে হবে। এবং যতক্ষণ না গাজরের জলটা শুকিয়ে আসছে পুরোপুরি ততক্ষণ নাড়াচাড়া করতে হবে।
- গাজরের জল পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর সেটিকে আলাদা একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর সেই পাত্রের মধ্যে এক চা চামচ আমচুর পাউডার, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ জোয়ান, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং এক চা চামচ ভাজা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
আরও পড়ুন: বাসি রুটি দিয়েই বানান মুচমুচে ক্রিসপি রোল
- গাজরের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর ওর মধ্যে বড় চামচের এক চামচ ধনেপাতা কুচি নিয়ে নিতে হবে। এরপর সেটিকেও ভালো করে মেখে নিতে হবে। এবার ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- অন্যদিকে একটি পাত্রে বড় দুই কাপ আটা নিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আটার একটা নরম ডো বানিয়ে নিতে হবে। আর এই ডো-এর মধ্যেই এবার গাজর মাখা দিয়ে পুনরায় ভালো করে মেখে নিতে হবে এবং বড় বড় লেচি কেটে নিতে হবে।
- এরপর লেচিগুলোর মধ্যে সামান্য আটারগুলো ছড়িয়ে দিয়ে পরোটার মতো গোল আকারে বেলে নিতে হবে। এরপর শুকনো একটি প্যানের মধ্যে সে পরোটা গুলো হালকা সেঁকে নিতে হবে। এরপর ওই পরোটাগুলোয় সামান্য ঘি মাখিয়ে এপিঠ ওপিঠ হালকা ভেজে নিতে হবে। ব্যস তাহলেই তৈরি গরম গরম গাজরের পরোটা।


