প্রীতি পোদ্দার, কলকাতা: জাঁকিয়ে শীত (Winter) পড়তে এখনও ঢের দেরি, কিন্তু তার আগেই শীতের প্রস্তুতির জন্য ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে সোয়েটার, কম্বল বের করার প্রস্তুতি। অনেকেই আবার দোকানে ছুটছে লেপ-তোষক বানানোর জন্য। তবে খেয়াল করে দেখবেন লেপের তুলো সবসময় লাল কাপড়েই (Red Blanket) মোড়ানো থাকে (GK)। কিন্তু কেন এই রং ব্যবহার করা হয় সেই উত্তর অনেকের কাছে অজানা। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন বিস্তারিত।
কেন লাল রং ব্যবহার করা হয়?
জানা গিয়েছে, অবিভক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ-এর আমল থেকেই লেপ কম্বলে নাকি লাল মখমলের কাপড় ব্যবহারের চল ছিল। পরে তাঁর মেয়ের জামাই নবাব সুজাউদ্দিন লাল রঙের মখমলের পরিবর্তে ব্যবহার করলেন সিল্কের কাপড়। আর সেই রীতি অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষও এই উপায়ে লেপ তৈরির ব্যবসা শুরু করেন। লেপ তৈরিতে ব্যবহার হত লম্বা আঁশের কার্পাস তুলো। সেই তুলো বীজ ছাড়িয়ে নিয়ে লাল রঙে চুবিয়ে শোকানো হত। আর সেই তুলোই ভরে ফেলা হত লাল মখমলের কভারের মধ্যে।
ব্যবসায়ীদের মতে শুধুই দৃষ্টি আকর্ষণ!
লেপ কম্বলের সুগন্ধের জন্য তুলোয় ছড়ানো হত আতর। যদিও এই লাল রঙের ব্যবহার নিয়ে অনেকের নানা মত। কেউ কেউ বলেন, লেপ কখনও ধোয়া যায় না। তাই গাঢ় রঙের লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম দেখা যায়। আবার অনেকের ধারণা এইসব রীতি আসলে গল্প। মূলত ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই লাল কাপড়ে মুড়ে রাখা হয় শীতের লেপগুলি। যেটি আজও মেনে চলা হচ্ছে। তবে কারণ যা-ই হোক, যুগের পর যুগ ধরে শীতের কাঁপুনি থেকে বাঁচতে আজও সকলে লেপ কম্বলকেই পছন্দ করেন।
আসলে লেপ-তোশক হল বিছানার একটি অংশ, যা শুধু ভারতবর্ষেই নয়, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। সাধারণত লেপের ভেতরে রয়েছে তুলা, যা খুব ঠান্ডা আবহাওয়াতেও প্রচুর পরিমাণে উষ্ণতা দেয়। তাই এর চাহিদা যুগের পর যুগ ধরে বেড়েই চলেছে।


