সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। পঞ্চমী, ষষ্ঠী-র পর আজ সপ্তমীর সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে। এদিকে শনিবারও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং ঝাড়গ্রাম জেলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ তামিলনাড়ু উপকূল থেকে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবধি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবধি বিস্তৃত রয়েছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা অবধি বিস্তৃত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ হাবড়া ও কল্যাণী থেকে দিঘা যাওয়ার নতুন বাস পরিষেবা চালু, জানুন রুট ও সময়সূচি
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক রবিবারের আবহাওয়া সম্পর্কে। এদিন আবার দক্ষিণবঙ্গের কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমবে। উল্টে ভোরের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হতে পারে। দিনের গড় তাপমাত্রা কমে যাবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় এদিন হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ ছাতা সঙ্গে রাখতেই হবে।










