অনন্যা সরকার, কলকাতা: যদি লক্ষ্য থাকে স্থির আর তা নিয়ে মনে যদি না থাকে কোন দ্বন্দ্ব ও ভয়, তাহলে সাফল্য আপনার হাত ধরতে বাধ্য। এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন ছত্তিশগড়ের তরুণ উদ্যোক্তা রাহুল সিং (Success Story of Rahul Singh)। সাধারণ পরিবারে বড় হয়ে, সরকারি স্কুলে পড়াশোনা করেও, তিনি স্বপ্ন দেখেছিলেন জীবনে বড় কিছু করার। চাকরি পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক নামজাদা কোম্পানিতে, কিন্তু সেসব ছেড়ে রাহুল শুরু করেন নিজের ব্যবসা। আসুন তার এই সফল উদ্যোক্তা হওয়ার কাহিনীটি জেনে নেওয়া যাক।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে সফল ব্যবসা গড়ে তোলার সফর
ছত্তিশগড়ের ভিলাইতে জন্ম রাহুল সিংয়ের। সেখানকার এক সরকারি স্কুলে পড়াশোনা করেন তিনি। তারপর ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে জামশেদপুরের জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ (MBA) ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে রাহুল তাঁর কর্মজীবন শুরু করতে চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। সেদেশের বিভিন্ন কোম্পানিতে প্রায় ১১ বছর চাকরি করেছেন, কিন্তু তাঁর মনে নিজের ব্যবসা শুরু করার ইচ্ছা বরাবরই ঘুরপাক খেতে।
২০২০ সালে তিনি অরবিন্দ গণেশন, প্রিয়াঙ্কা অ্যারোনের সঙ্গে ইকোসোল হোম (EcoSoul Home) নামে ইকো-ফ্রেন্ডলি কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি গাছের পাতা এবং বাঁশের মতো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি পরিবেশ-বান্ধব পণ্য তৈরি করে। আর্থিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও, রাহুল তাঁর এই উদ্যোগকে সফল করতে পুঁজি সংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তার বাড়িটি পর্যন্ত বিক্রি করে দেন।
রাহুলের সংস্থা ইকোসোল হোম কম সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এই কোম্পানিটি এখন ভারত, যুক্তরাজ্য, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সহ একাধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে। সারা বিশ্বে ১৫০টিরও বেশি ম্যানুফ্যাকচারিং ইউনিটের মাধ্যমে ইকোসোল হোম পরিবেশ-বান্ধব পণ্যের বাজারে এখন অগ্রণী ভূমিকা পালন করছে। সংস্থাটিতে বর্তমানে ১২০ জনেরও বেশি কর্মচারী কাজ করছেন।
আরও পড়ুনঃ Airtel গ্রাহকরা সাবধান! ফোনে Perplexity Pro অ্যাপ থাকলেই কাটবে টাকা, বাঁচার উপায় জানুন
রাহুল সিংয়ের লক্ষ্য হল সাস্টেইনেবিলিটির প্রচার করা ও আবর্জনা কমানোর পাশাপাশি তার ব্যবসাকে আরও বড় করে তোলা। নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ তাঁর কোম্পানিকে কোটি টাকার ব্যবসা বানাতে পেরেছেন। মাত্র তিন বছরে ইকোসোল হোমের টার্নওভার ২৮০ কোটি টাকা। উদ্যোগপতি হিসেবে রাহুলের এই সাফল্য তার দৃঢ় সংকল্প ও অধ্যাবসায়ের ফল, যা অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও তাঁকে তার লক্ষ্যে অবিচল রেখেছে।










