অনন্যা সরকার, কলকাতা: ২০২২ সালে ইলন মাস্ক (Elon Musk) কিনে নেন টুইটার (বর্তমানে X নামে পরিচিত)। তারপর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সমস্ত নিয়ন্ত্রণ তাঁর হাতে আসার পরই টুইটারের তৎকালীন সিইও পরাগ আগরওয়াল (Parag Agrawal) তার চাকরিটি খোয়ান। ভারত তো বটেই, তখন সারা বিশ্বজুড়ে এই খবর নিতে শোরগোল পড়ে গিয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন আইআইটি বম্বের এই প্রাক্তন ছাত্রের (IIT Bombay Alumnus) কেরিয়ারের বোধহয় এখানেই ইতি। কিন্তু না, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও যে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই প্রমাণ করে দেখিয়েছেন পরাগ আগরওয়াল (Success Story of Parag Agarwal)। যোগ্য জবাব দিয়ে মাত্র ২ বছরের মধ্যে ২ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকার সফল এআই (AI) স্টার্টআপ কোম্পানির মালিক এখন তিনি। কীভাবে করলেন এই অসম্ভবকে সম্ভব, আসুন জেনে নিই।
টুইটারের প্রাক্তন সিইও থেকে সফল উদ্যোক্তা হওয়ার কাহিনী
জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৭৭ র্যাঙ্ক (AIR 77) করে আইআইটি বম্বে থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক পাস করেন পরাগ আগরওয়াল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সেই করেন পিএইচডি (PHD)। সেই সময় তিনি মাইক্রোসফট (Microsoft) ও ইয়াহুর (Yahoo) মতো কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পান। এখান থেকেই বড় কম্পিউটিং সিস্টেমের খুঁটিনাটি সর্ম্পকে শেখেন পরাগ।
তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ২০১১ সালে পরাগ টুইটারে যোগ দেন। সেসময় সংস্থায় কর্মীর সংখ্যা হাজারেরও কম ছিল। নিজের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পরিশ্রমের জোরে পরাগ ২০১৭ সালে কোম্পানির চিফ টেকনোলজি অফিসার (CTO)-এর পদটি অর্জন করে নেন। এরপর ২০২১ সালের নভেম্বর মাসে সাফল্যের শিখর ছোঁন পরাগ আগরওয়াল। মাত্র ৩৭ বছর বয়সে বিশ্বের অন্যতম তরুণ সিইও (CEO) হিসেবে টুইটারের দায়িত্ব নিজের কাঁধে নেন তিনি।
তবে এই সাফল্য দীর্ঘস্থায়ী ছিল না। স্বপ্ন ভঙ্গ হয় ২০২২ সালের অক্টোবরে, যখন ইলন মাস্ক টুইটার কিনে নেন। তিনি রাতারাতি পরাগ আগরওয়াল সহ শীর্ষ স্তরে থাকা সকল কর্মকর্তাকেই বরখাস্ত করেন। সারা বিশ্বে তখন এই নিয়ে আলোচনা চলছে। পরাগের কেরিয়ারে এই ধাক্কা যে কতখানি? তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিনা – এই নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু সাময়িক এই ধাক্কাতে দমে যাননি পরাগ, বরং নতুন কিছু শুরু করার স্বপ্ন দেখেন। কোনো সংস্থায় চাকরি না খুঁজে, পরাগ এবার উদ্যোক্তা হওয়ার কঠিন সিদ্ধান্ত নেন।
পরাগ আগরওয়ালের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ, ‘প্যারালাল ওয়েব সিস্টেমস’ (Parallel Web Systems)-এর সূচনা হয় ২০২৩ সালে। এই কোম্পানিটি মূলত নেক্সট জেন এআই অ্যাপ্লিকেশন এবং বড় কম্পিউটিং সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ করে। মাত্র দু’বছরের মধ্যেই তাঁর এই স্টার্টআপ ইনভেস্টারদের আকর্ষণ করতে সফল হয় এবং বর্তমানে কোম্পানিটির নেটওয়ার্থ দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার।
আরও পড়ুনঃ রাত ১২ টা বাজতেই বন্ধ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কারফিউ জারি সরকারের
পরাগ আগরওয়ালের এই ঘুরে দাঁড়ানো ও সাফল্যের কাহিনী প্রমাণ করে যে, সফল কেরিয়ারের পথেও বাধা আসে, চরম সফল মানুষের জীবনেও হঠাৎ করে ব্যর্থতা নেমে আসতে পারে। তবে যাদের মধ্যে আবার নতুন করে সবকিছু শুরু করার মানসিকতা থাকে, তাঁরা পুনরায় নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারেন। হার না মানার জেদ ও কর্মনিষ্ঠা মানুষকে সফলতার শিখরে নিয়ে যায়।










