অনন্যা সরকার, বিহার: অটল নিষ্ঠা ও কঠোর পরিশ্রম ও সঠিক নির্দেশনার মাধ্যমেই যে স্বপ্নকে বাস্তবরূপ দেওয়া যায়, তা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন আইএএস শ্রেয়া শ্রী (UPSC Success Story of IAS Shreya Shree)। মাত্র ২১ বছর বয়সে বিনা কোচিংয়ে প্রথমবারের চেষ্টাতেই ইউপিএসসি (UPSC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। বিহার ক্যাডারের ২০২১ সালের ব্যাচের আইএস অফিসার শ্রেয়া বিহার সরকারের প্রশাসনিক বিভাগের সাম্প্রতিক রদবদলের পর, এখন খাগাড়িয়া জেলার নতুন ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনার (DDC) হিসেবে কাজ করছেন। এর আগে তিনি মুজাফফরপুরের মহকুমাশাসক বা এসডিও (SDO) হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রেয়া শ্রীর এই আইএএস অফিসার হওয়ার যাত্রাটি সারা দেশের লক্ষ লক্ষ ইউপিএসসি-এর সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে। আসুন তাহলে তাঁর সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
বাবার পথ অনুসরণ করেই মেয়ের IAS হয়ে ওঠা
শ্রেয়া শ্রী বিহারের বৈশালী জেলার লালগঞ্জ ব্লকের এটওয়ারপুর সিসাই গ্রামের বাসিন্দা। তিনি দেশ সেবা এবং প্রশাসনিক কাজের প্রতি অনুরাগ পেয়েছেন তাঁর পরিবার থেকেই। বাবা মিথিলেশ কুমারও প্রশাসনিক কর্মকর্তা। তিনিই শ্রেয়াকে উচ্চশিক্ষা ও সমাজসেবার পথে এগিয়ে যেতে সবসময় উৎসাহিত করেছেন। প্রাথমিক স্কুলশিক্ষা শেষ করার পর শ্রেয়া আইআইটি কানপুর (IIT Kanpur) থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপরই স্বপ্ন পূরণের পথে পা বাড়ান তিনি, শুরু করে দেন তাঁর ইউপিএসসি-এর প্রস্তুতি। তবে কোনও কোচিংয়ের সহায়তা নেননি শ্রেয়া, নিজেই পড়াশোনা করতেন।
ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাকে দেশের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে গণ্য করা হয়, যা পাশ করতে বহু পরীক্ষার্থীদের বছরের পর বছর সময় লেগে যায়। কিন্তু শ্রেয়া শ্রী ২০২১ সালের ইউপিএসসি পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতেই সর্বভারতীয় র্যাঙ্ক ৭১ (AIR 71) অর্জন করে ইতিহাস রচনা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। এত অল্প বয়সে এবং কোনও বাধা ছাড়াই প্রথম অ্যাটেম্পটে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য নির্বাচিত হওয়া তাঁর অসাধারণ প্রতিভা, কঠোর পরিশ্রম ও সুনির্দিষ্ট কৌশলের প্রমাণ দেয়।
আরও পড়ুন: RBI-র চাকরি সামলে UPSC ক্র্যাক, কোচিং ছাড়াই প্রথম অ্যাটেম্পটে IAS সৃষ্টি
আইএএস শ্রেয়া শ্রী-র স্বামী নিখিল মহাজন ২০২১ ব্যাচের একজন ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার। নিখিল ২০২১ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সারা দেশে ৮০ তম স্থানটি অর্জন করেন। শ্রেয়া শ্রী জানিয়েছেন, তাঁর সাফল্যের মূলমন্ত্র হল ধারাবাহিকতা এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য। খাগারিয়ায় ডিডিসি-র পদ গ্রহণের পর তিনি অনেক তরুণ-তরুণীকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করেছেন। তাঁর বিশ্বাস, সীমিত সম্পদ থাকলেও, তার কার্যকর ব্যবহার করে সঠিক নির্দেশনা ও আত্মবিশ্বাসের জোরে যেকোনও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব।










