‘স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে না, শ্রী চৈতন্য দেবের ভক্ত হয়ে এসেছি’ মায়াপুরে বললেন অমিত শাহ

Published:

Amit Shah
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে ফের বঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরে গিয়ে করলেন কৃষ্ণ নাম। ২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কাজের চাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির। জেলায় জেলায় জনসংযোগ বৃদ্ধিতে একের পদ এক কর্মসূচি করেই চলেছে তৃণমূল বিজেপি। আর এই অবস্থায় ফের দুইদিনের জন্য বঙ্গসফরে এলেন অমিত শাহ।

মায়াপুরের ইসকনে অমিত শাহ

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নদীয়ার মায়াপুরের ইসকন মন্দিরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গৌড়ীয় মঠের 152তম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মায়াপুর ইস্কনের প্রসাদের ব্যবস্থাও করা হচ্ছে। আর এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ তথা পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ আরও অনেকে। এই অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই ‘হরে কৃষ্ণ’ ধ্বনি তোলেন শাহ। এরপরই তিনি বলেন, “আজ সকালে আমার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে৷ উনিও মন থেকে এবং ভক্তিভরে আপনাদের সকলকে হরেকৃষ্ণ বলেছেন৷’’

সনাতন ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য ইসকনের প্রশংসা

অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ উল্লেখ করেন, ‘‘একটু আগে আমাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্বোধন করা হল৷ আমি এখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসিনি৷ আমি আজ মায়াপুরে এসেছি শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত হিসেবে৷’’ এমনকী এদিন তিনি বহুবার মায়াপুরে আসার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি জানান, ধর্মের সঙ্গে আধুনিকতার কোনও শত্রুতা নেই৷ বরং আধুনিকতার মাধ্যমে ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়৷ একই সঙ্গে আমেদাবাদে ইসকনের এক সন্ন্যাসীর কাছে শোনা কিছু কথাও শোনান৷ পাশাপাশি সারা বিশ্বে সনাতন ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য ইসকনের প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এছাড়াও সনাতন ধর্মের প্রচারে মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গও তোলেন তিনি৷ শাহ আশাপ্রকাশ করেন যে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত ও সনাতনের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।”

আরও পড়ুন: বাবা হিন্দু এবং ছেলে মুসলিম! AERO-র ভূমিকায় প্রশ্নের ঝড় পাঁশকুড়ায়

প্রসঙ্গত, অমিত শাহের এই মায়াপুর সফর নিয়ে ইতিমধ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর কথায়, ”নির্বাচনের আগে এই ধরনের সফরের কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না তা জনগণ বিচার করবে।” যদিও ওয়াকিবহাল মহলের মতে তাঁর এই সফর তীব্র রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। জানা গিয়েছে, আজ মন্দির দর্শনের পর মায়াপুর ইসকনের পদ্মভবনে সাধু-সন্তদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শাহের। এবং অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফের কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Amit Shah Mayapur Nadia