ফোন করে খুনের হুমকি, মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য

Published:

bikashranjan cm

আনিষা চৌধুরী, কলকাতা: প্রথমে বাড়িতে মদের বোতল ছুড়ে হামলা, তারপরেই ফোন করে খুনের হুমকি! ভয়ংকর অভিযোগ তুললেন সিপিএম (Communist Party of India Marxist) নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। সূত্র অনুযায়ী, ১৫ অক্টোবর রাত ১০টা ৪৭ মিনিট নাগাদ একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সুকান্ত মণ্ডল বলে পরিচয় দেন বলে অভিযোগ। বিকাশরঞ্জনের দাবি, তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর প্রয়াত মাকে নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে।

ঠিক কী কী বলা হয়েছে আইনজীবীকে?

বিকাশরঞ্জন সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে এই ঘটনাটি সম্পর্কে একটি পোস্ট করেন এবং সেখানে লেখেন, “রাত ১০টা ৪৭ মিনিট নাগাদ, সুকান্ত মণ্ডল (ফোন নং 7908303107) নামে এক হিন্দু মৌলবাদী ফোন করে, আমাকে ও পরিবারের সদস্যদের খুনের হুমকি দিলেন। প্রসঙ্গত আমার প্রয়াত মায়ের সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করলেন। ঐ ধরনের কুৎসিত ইঙ্গিত হিন্দু মৌলবাদীদের সহজাত। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এ ব্যাপারে কী ব্যবস্থা নেন সেটার অপেক্ষায় রইলাম। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার কার্যকর করব।”

সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিকাশরঞ্জন। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কাছে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেছেন বলে জানিয়েছেন আইনজীবী।

উল্লেখ্য, এর আগে কলকাতায় বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফোনে হুমকি! পরপর এই ধরনের ঘটনার অভিযোগে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বাড়িতে হামলার ঘটনা এবং ফোনে হুমকির অভিযোগের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও সামনে আসেনি।

আরও পড়ুন: মানুষের সমস্যা হয়ে উঠলো ব্যবসার সুযোগ, IIT গ্র্যাজুয়েট দুই বন্ধুর বার্ষিক আয় এখন ২.৫ কোটি

অভিযোগের সত্যতা যাচাই, ফোনের নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে শনাক্ত করা এবং ঘটনার পিছনে কোনও বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা গুরুত্বপূর্ণ। এখন নজর থাকবে, এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয় তার উপর।

google button