পুজোর মধ্যেই গ্রেফতারির আশঙ্কা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন

Published:

Indranil Sen

সৌভিক মুখার্জী, কলকাতা: মোটা টাকার বিনিময়ে দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে ইডির নিশানায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তবে সেই মামলায় জামিন চেয়ে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি। যদিও কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে তিনি। পুজোর মধ্যে গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে ইন্দ্রনীলের।

সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঙিয়ে মোটা টাকায় দুর্গাপুজোর টিকিট বিক্রি করতেন তিনি। পালাবদলের পর গত ৯ জুন বউবাজার থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। ১৫ অক্টোবর তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে যেহেতু আগামী সপ্তাহে বন্ধ থাকবে সর্বোচ্চ আদালত, তাই কোর্ট খুললে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, মার্স আর্ট নামের একটি সংস্থার সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক রয়েছে বলে দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে তিনি মোটা টাকা সংগ্রহ করতেন। এমনকি সংস্কৃতি দপ্তরের টেন্ডারের অর্থ বিভিন্ন সংস্থার মাধ্যমে অন্যত্র সরানোর পেছনে হাত ছিল ইন্দ্রনীলের। রাজ্য সরকারের দাবি, প্রায় ৫৩.৪৬ কোটি টাকার টেন্ডার জিআইডিআই ক্রিয়েশনকে দেওয়া হয়েছিল। তবে সেই টাকা মার্স আর্টসহ কয়েকটি সংস্থার মাধ্যমে ইন্দ্রনীল এবং তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে পৌঁছয়।

আরও পড়ুন: বাংলায় ২,৫০০ কোটি বিনিয়োগ করবে টাটা পাওয়ার, সৌর বিদ্যুৎ প্রকল্পে আসছে নবজোয়ার

আদালতের মতে, মন্ত্রী থাকাকালীন সরকারি পদের অপব্যবহার করা হয়েছিল কিনা তা এখন উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এমনকি তদন্তের সময় কোনও নতুন অপরাধের তথ্য প্রকাশ্যে এলে তাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এদিকে এই মামলায় ইন্দ্রনীলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডিও। ইতিমধ্যেই দু’বার হাজিরা দিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে ইডির অনুমান, প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে।

google button